পদ্মভূষণের জন্য মনোনীত রাহুল দ্রাবিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দীর্ঘদিন শক্ত হাতে ভারতের ব্যাটিং অর্ডার সামলেছেন রাহুল দ্রাবিড়। দলের বহু বিপর্যয়পূর্ণ মুহূর্তে ঝলসে উঠেছে তাঁর ব্যাট। নির্ভরতার প্রতীক হিসেবে পেয়েছেন মিস্টার ওয়াল অভিধা। ভারতীয় ক্রিকেটের উন্নয়নে এই অবিস্মরণীয় অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য দ্রাবিড়কে পদ্মভূষণ পুরস্কার দেওয়ার জন্য মনোনয়ন দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁর সঙ্গে ওপেনার গৌতম গম্ভীরকে মনোনীত করা হয়েছে পদ্মশ্রী পুরস্কারের জন্য।আজ সোমবার এক আনুষ্ঠানিক বার্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘দ্রাবিড় ও গম্ভীরের মনোনয়নের কথা প্রাথমিকভাবে বিবেচনা করা হয়েছিল। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ও সেক্রেটারি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়েছেন।’ এর আগে খেলরত্ন পুরস্কারে মনোনীত হওয়ার জন্য বিবেচিত হয়েছিলেন রাহুল দ্রাবিড়। কিন্তু মনোনয়ন দেওয়ার চূড়ান্ত সভায় রবি শাস্ত্রী উপস্থিত না থাকায় উপেক্ষিত হয়েছিলেন ভারতের এই সাবেক অধিনায়ক। দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে ১৬৪টি টেস্ট খেলে ১৩ হাজার ২৮৮ রান করেছেন রাহুল দ্রাবিড়। এক দিনের ক্রিকেটে তিনি খেলেছেন ৩৪৪টি ম্যাচ। এখানে তাঁর সংগ্রহ ১০ হাজার ৮৮৯ রান।এর আগে সুনীল গাভাস্কার, কপিল দেব, লালা অমরনাথসহ আরও নয়জন ক্রিকেটার পেয়েছেন এই পদ্মভূষণ পুরস্কার। টাইমস অব ইন্ডিয়া