পনেরো হাজার হলো, সেঞ্চুরি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটা নিয়ে এখন যা হচ্ছে, সেটিকে বলতে পারেন শচীন টেন্ডুলকারের নিজের সঙ্গে নিজের খেলা। নিকট ভবিষ্যতে এই রেকর্ড ভাঙার সম্ভাবনা তো নেই-ই, আদৌ কোনো দিন তা ভাঙবে কি না, এমন প্রশ্নও উঠছে। সবচেয়ে বড় প্রশ্ন তো এটাই—রেকর্ডটাকে কোথায় রেখে যাবেন টেন্ডুলকার?নিজের সঙ্গে নিজের লড়াইয়ে পরশু আরেকটি মাইলফলকে পা রাখলেন টেন্ডুলকার। টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে করে ফেললেন ১৫ হাজার রান। উদ্যাপনের উপলক্ষ, তবে পুরো ভারত তো অপেক্ষায় ছিল অন্য একটি অর্জনের। ১০০ নম্বর আন্তর্জাতিক সেঞ্চুরির জন্য অপেক্ষার অবসান অবশ্য হয়নি। সেই সম্ভাবনা জাগিয়েও ২৪ রান দূর থেকে ফিরতে হয়েছে টেন্ডুলকারকে।কাল দিল্লি টেস্টের শেষ দিনে দেবেন্দ্র বিশুর বলে এলবিডব্লু হওয়ার আগে সমীকরণটা ছিল এ রকম—জয়ের জন্য ভারতের প্রয়োজন ৪৩ রান, সেঞ্চুরির জন্য টেন্ডুলকারের চাই ২৪ রান। ভারতের জয় আর টেন্ডুলকারের সেঞ্চুরি একসঙ্গে হলে সেটি হতো সোনায় সোহাগা। শেষ পর্যন্ত শুধু জয়টাই এল, সেঞ্চুরি নয়।এই জয়টাও অবশ্য ভারতের কাছে কম মহার্ঘ্য নয়। ছয় টেস্ট পর জয়, মাঝখানে ইংল্যান্ডে গিয়ে তুলোধুনো হওয়ার তিক্ত স্মৃতি—তার চেয়েও বড় কথা, এই টেস্টেও তো রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। শিবনারায়ণ চন্দরপলের সেঞ্চুরি আর ১৮ বছর বয়সী ক্রেইগ ব্রাফেটের হাফ সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের ৩০৪ রানের প্রথম ইনিংস এমন বড় কিছু ছিল না। কিন্তু ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপ বিনা উইকেটে ৮৯ থেকে মাত্র ২০৯ রানে গুটিয়ে গেলে এতেই ৯৫ রানের লিড পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসের শুরুতেই অবশ্য ওয়েস্ট ইন্ডিজের সেই আনন্দ উধাও হয়ে যাওয়ার মতো অবস্থা। ৬৩ রানে পড়ে গেল ৬ উইকেট। সেখান থেকে ১৮০ রানে পৌঁছতে পারাটাও কম মনে হচ্ছিল না।ভারতের সামনে ২৭৬ রানের টার্গেট। কোটলার উইকেট প্রথম দিন থেকেই যেমন খামখেয়ালি আচরণ করেছে, তাতে চতুর্থ ও পঞ্চম দিনে ব্যাটিং করে এই রান তোলাটাও খুব সহজ বলে মনে হচ্ছিল না। উইকেট অবশ্য যতটা ভাবা হয়েছিল, ততটা ব্যাটিং দুরূহ হয়নি। ম্যাচ শেষে ড্যারেন স্যামি তো একটু আক্ষেপ করেই বললেন, ‘প্রথম দুই দিনের তুলনায় শেষ দুই দিনের উইকেট ছিল আরও ভালো।’৭৬ রান করে টেন্ডুলকারই নেতৃত্ব দিয়েছেন ভারতের তৃতীয় বৃহত্তম সফল রান তাড়া করায়। শেবাগ (৫৫) ও লক্ষ্মণ (৫৮*) ছিলেন সহযোগীর ভূমিকায়। সবাইকে ছাপিয়ে উজ্জ্বলতম অবশ্য এক ডেবুট্যান্ট। হরভজনের জায়গায় টেস্ট খেলতে নেমে রবিচন্দ্রন অশ্বিন প্রথম সুযোগেই চিনিয়ে দিলেন নিজেকে। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও দুর্দান্ত বোলিং করে ৬ উইকেট—অভিষেকেই ম্যান অব দ্য ম্যাচও এই অফ স্পিনার।আগামী রোববার বসছেন বিয়ের পিঁড়িতে। নববধূর জন্য এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারত! তথ্যসূত্র: নিও স্পোর্টস।