পন্টিং-আতঙ্কে নিউজিল্যান্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের মাটিতে রিকি পন্টিংয়ের ব্যাটিং রেকর্ড বরাবরই দুর্দান্ত। ১৩ ওয়ানডেতে অস্ট্রেলীয় অধিনায়কের ব্যাটিং গড় ৫৮.৩৩। তাঁর ক্যারিয়ার গড়ের চেয়ে এটি প্রায় ১৫ বেশি!এই রেকর্ড পিঠে নিয়ে মাঠে নামবেন বিশ্রাম পেয়ে চনমনে অস্ট্রেলিয়ার অধিনায়ক। বিশ্রামের পর পন্টিং যখনই মাঠে নামেন, তাঁর হাতের ব্যাটটা যেন আরও চওড়া হয়ে যায়। দুটি টি-টোয়েন্টি ম্যাচের বিশ্রাম কাটিয়ে দলে ফেরা পন্টিংও বিষয়টা অগ্রাহ্য করতে পারছেন না, ‘বিশ্রাম কাটিয়ে যখন খেলায় ফিরি সাধারণত ভালো খেলি আমি।’এই পন্টিংকেই আজ থেকে শুরু হতে যাওয়া চ্যাপেল-হ্যাডলি পাঁচ ওয়ানডের সিরিজে বড় ভয় নিউজিল্যান্ডের। নেপিয়ারের ম্যাকলিন পার্কে সর্বশেষ ২০০৫ সালে খেলেছিলেন পন্টিং, করেছিলেন অপরাজিত ১৪১ রান। ছোট মাঠের সুবিধা নিয়ে আজও পন্টিং ব্যাটে ঝড় তুলবেন এমন আশঙ্কা পেয়ে বসেছে নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকে, ‘যদি বিশ্রামে নাও থাকত তার পরও সে আমাদের জন্য দুশ্চিন্তার কারণ। বড় মাপের খেলোয়াড় সে, আমাদের বিপক্ষে অনেক ভালোও করেছে।’ শুধুই কি পন্টিং! ড্যানিয়েল ভেট্টোরির দুশ্চিন্তা বাড়াতে মাইক হাসিও তো কম যান না, ‘তার (পন্টিং) এবং মাইক হাসির (নিউজিল্যান্ডের মাটিতে ১০ ওয়ানডেতে যাঁর ব্যাটিং গড় ১২২.৩৩!) অসাধারণ রেকর্ড আমাদের বিপক্ষে। কাজেই তাদের থামাতে হবে, তাদের বিপক্ষে ভালো করতে হবে আমাদের।’পন্টিংকে থামানোর ভালো একটা দাওয়াই অবশ্য আছে ভেট্টোরির—শেন বন্ড। ১০ ওয়ানডেতে ৬ বারই পন্টিংয়ের উইকেট নিয়েছেন পন্টিং। গত মাসে ফক্স স্পোর্টসে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রেইগ ম্যাকমিলান বলেছিলেন, ‘পন্টিংয়ের নম্বরটা তো জানাই আছে বন্ডির।’আরও একটা জায়গা থেকে প্রেরণা পেতে পারে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া র্যাঙ্কিংয়ের সেরা দল হতে পারে, কিন্তু চ্যাপেল-হ্যাডলি ওয়ানডে সিরিজে বরাবরই ভালো লড়াই করে এসেছে নিউজিল্যান্ড। জয়-পরাজয়ের রেকর্ডে দু দলের সমতাই (৭-৭) তার প্রমাণ! অপরাজিত থেকে নিজেদের গ্রীষ্মটা শেষ করে নিউজিল্যান্ডেও জয় দিয়ে শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেই জয়ের ধারা থামিয়ে দিয়েছে নিউজিল্যান্ড, সফরের দ্বিতীয় টি-টোয়েন্টির সুপার ওভারের ‘সুপার’ জয় দিয়ে। ওয়েবসাইট।