পন্টিং এখনো সেরা: রাহুল দ্রাবিড়
রাহুল দ্রাবিড় অপেক্ষায় রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের ব্যাপারে রাহুল দ্রাবিড়ের আশঙ্কা, অস্ট্রেলিয়ার ফর্মহীন ক্রিকেটাররাই না আবার ঘুরে দাঁড়িয়ে ভারতকে ছিন্নভিন্ন করে দেন। এঁদের মধ্যে রয়েছেন অবশ্যই সাবেক অসি অধিনায়ক রিকি পন্টিং।রিকি পন্টিং সম্পর্কে রাহুল দ্রাবিড় বলেন, ‘আমার মনে হয় পন্টিং ফুরিয়ে যাননি। তিনি এখনো বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। পন্টিংকে সেরা অস্ট্রেলীয় ব্যাটসম্যান হিসেবে অবশ্যই অভিহিত করব।’ পন্টিং এখন ফর্মে নেই। রাহুল দ্রাবিড় মনে-প্রাণেই চান পন্টিং ফর্মে ফিরুক। কিন্তু তিনি মনে-প্রাণে এও চান পন্টিং যেন ভারতের বিপক্ষে সিরিজটি শেষ হয়ে যাওয়ার পর ফর্মে ফেরেন। পন্টিংয়ের মতো একজন ‘মাস্টার ব্যাটসম্যান’ ফর্মে ফিরলে সেটা প্রতিপক্ষের জন্য যে কতটা ভয়ংকর হয়ে দেখা দিতে পারে, সেটা অভিজ্ঞ রাহুল খুব ভালো করেই জানেন।সম্প্রতি ফর্মের করুণ দশা নিয়ে খুব ঝামেলার মধ্যে আছেন রিকি পন্টিং। সাবেক অসি অধিনায়ক ইয়ান চ্যাপেল ও ক্রিকেটার জিওফ লওসন তো রাখ-ঢাক না রেখেই বলে দিয়েছেন, ‘পন্টিংয়ের এখনই ক্রিকেটকে বিদায় জানিয়ে দেওয়ার সময় এসেছে।’৩৭ বছর বয়স্ক পন্টিং গত দুই বছরে ৩২টি টেস্ট ইনিংস রয়েছেন সেঞ্চুরিবিহীন। তবে পন্টিং গত বছরের অক্টোবরে ভারত সফরে যে পারফরম্যান্স দেখিয়েছিলেন, তা অবশ্য তাঁর সেরা সাম্প্রতিক পারফরম্যান্স। তিনি সেই সিরিজে ৫৬ গড়ে ২২৪ রান সংগ্রহ করেছিলেন।অনেকেই বলছেন, পন্টিং নিজের সেরা সময়টা অনেক আগেই পার করে এসেছেন। তিনি যতই চেষ্টা করুণ, ফর্মের তুঙ্গে আর কখনোই উঠতে পারবেন না। নিন্দুকদের এমন কথাবার্তাকে আমলে না নিয়ে রাহুল দ্রাবিড় নিজের সঙ্গেই পন্টিংয়ের মিল খুঁজে নিতে চান। তিনি বলেন, ‘পন্টিং এ মুহূর্তে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, আমিও একই রকম পরিস্থিতির ভেতর দিয়ে এসেছি অনেকবার। আমি বিশ্বাস করি, পরিস্থিতি উত্তরণের সব ক্ষমতাই রিকি পন্টিংয়ের রয়েছে। পন্টিং এখনো সেরা।’ ওয়েবসাইট।