পন্টিং নয়, লক্ষ্মণের সঙ্গে কথা বলছিলেন জহির: হরভজন
ভারত-অস্ট্রেলিয়ার গত বেশ কয়েকটি সিরিজে ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি দুই দলের খেলোয়াড়েরাই মাঠে কথার লড়াইয়ে জড়িয়ে বেশ উত্তাপ ছড়িয়েছেন। এবারও ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের প্রথম দিনেই কথার লড়াইয়ে জড়িয়ে পড়েছিলেন রিকি পন্টিং আর জহির খান। তবে পুরো ব্যাপারটিই পন্টিংয়ের ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলে দাবি করেছেন ভারতীয় অফ স্পিনার হরভজন সিং।দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে হরভজন সিং বলেছেন, ‘আমি ঘটনার সময় সেখানে ছিলাম না। কিন্তু পরে একজন আমাকে জানিয়েছে, জহির লক্ষ্মণকে বলছিলেন ‘পন্টিং বুড়ো হয়ে যাচ্ছেন’। পন্টিং ভেবেছিলেন, এটা তাঁকে উদ্দেশ্য করে বলা হয়েছে। অস্ট্রেলিয়ার সঙ্গে এর আগে হরভজন সিংই বেশি জড়িয়েছেন এ ধরনের বিতর্কে। তাই এবার ঘটনাস্থলের আশপাশে না থাকায় নিজেকে ‘ভাগ্যবান’ মনে করছেন তিনি।মোহালি টেস্টের প্রথম দিনে পন্টিং ৭১ রান করে রান আউট হয়ে ফেরার সময় জহির খানের কোনো এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে আবার ঘুরে আসেন। সেই সময় জহির খানের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় পন্টিংয়ের। পরে আম্পায়ার বিলি বাউডেনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।—পিটিআই