পন্টিংকে আর্থারের সতর্কবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার মতে, ওর খেলা চালিয়ে যাওয়া উচিত। ...বক্সিং ডে টেস্ট নিয়ে আমরা এরই মধ্যে একটা ছবি দাঁড় করিয়েছি। সেই ছবিতে রিকি ভালোমতোই মানিয়ে যায়।’উক্তিটা মিকি আর্থারের। খুব বেশি দিন আগেরও নয়। হোবার্ট টেস্টের পর চারদিক থেকে যখন রিকি পন্টিংয়ের দিকে ধেয়ে আসছিল সমালোচনার তীর, আর্থার নিজে বুক পেতে নিয়েছেন সেসব। পন্টিংয়ের এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে বলে মনে করেন তিনি।এক সপ্তাহ পেরোতে না-পেরোতেই কণ্ঠস্বর পাল্টে গেল। অস্ট্রেলিয়ার কোচ একরকম বিপদবার্তাই দিলেন পন্টিংকে। সর্বশেষ ১৭ ইনিংসে মাত্র দুটি ফিফটি। সর্বশেষ সেঞ্চুরি ৩২ ইনিংস আগে। হোবার্টে নিউজিল্যান্ডের কাছে আকস্মিক ধসের শিকার হয়ে হেরে যাওয়ার পর পন্টিংয়ের দুই ইনিংসে করা ৫ ও ১৬ রানই সবার চোখে বিঁধছে বেশি করে।আর্থারও এখন বলছেন, ভারতের বিপক্ষে সিরিজে ভালো করতে না পারলে আন্তর্জাতিক ক্যারিয়ার সংশয়ের মধ্যে পড়ে যাবে পন্টিংয়ের, ‘জাতীয় দলে কারও জায়গাই পাকা নয়। অস্ট্রেলিয়া দলে খেলার জন্য কাউকেই বাড়তি সুবিধা দেওয়া হবে না। খেলতে চাইলে এর ফলও দিতে হবে, রসদ জোগাতে হবে।’আর্থার পন্টিং-হাসিদের এও স্মরণ করিয়ে দিচ্ছেন, এড কাওয়ানের মতো তরুণরা কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলে নির্বাচকদের ওপর চাপ তৈরি করছে। কাওয়ানের কথা আলাদাভাবে এল তাঁর দুর্দান্ত ফর্মের কারণে। ভারতের বিপক্ষে চলতি তিন দিনের প্রস্তুতি ম্যাচেও সেঞ্চুরি করেছেন এই ২৯ বছর বয়সী। যেটি বড় দৈর্ঘ্যের ম্যাচে তাঁর টানা চতুর্থ সেঞ্চুরি। এএফপি।