পন্টিংকে ওয়ার্নের ‘খোঁচা’
রিকি পন্টিং ‘ভাগ্যবান’। শেন ওয়ার্নের মুখে কথাটা শুনলে মনে হবে, পন্টিংয়ের প্রশংসায় পঞ্চমুখ সাবেক এ তারকা স্পিনার। কিন্তু পরের কথাটুকু শুনলেই ভুল ভেঙে যাবে আপনার। পন্টিং ভাগ্যবান এ কারণে যে তাঁকে এখনো দল থেকে ‘বাদ’ দেওয়া হয়নি!হঠাত্ কেন পন্টিংকে ‘খোঁচা’ দিলেন ওয়ার্ন? কারণ, পারফরম্যান্স হীনতার অজুহাত দেখিয়ে জাতীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে সাইমন ক্যাটিচকে। অথচ একই অবস্থায় থাকলেও দলে বহাল তবিয়তে আছেন পন্টিং!‘ক্যাটিচকে দল থেকে বাদ দেওয়া ঠিকই হয়েছে। এ কথা সত্য হলে পন্টিংকেও বাদ দেওয়া উচিত ছিল। কারণ, পন্টিংয়ের চেয়েও ক্যাটিচ দলের জন্য কঠোর পরিশ্রম করে’—দ্য অস্ট্রেলিয়ানকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন ওয়ার্ন।ওয়ার্নের অভিযোগটা অমূলক নয়। সর্বশেষ ১৪ ইনিংসে ক্যাটিচের গড় রান ৪৫। আর পন্টিংয়ের গড় রান মাত্র ২৫। এই অবস্থায় ৩৬ বছর বয়সী পন্টিংকে ক্রিকেট থেকেই বিদায় নেওয়ার পরামর্শ দিয়েছেন ওয়ার্ন, ‘এটা একটা কঠিন পরিস্থিতি। পন্টিংয়ের মতো একজন ক্রিকেটারকে চাইলেই নির্বাচকেরা বাদ দিতে পারেন না। তাঁদের পক্ষে এ কথা বলা সম্ভব নয়—তোমার সময় ফুরিয়ে গেছে। ক্রিকেটকে বিদায় জানিয়ে দাও, না হলে আমরাই তোমাকে দলের বাইরে পাঠাব। আসলে পন্টিংকেই পরিস্থিতিটা বোঝা উচিত।’ ওয়েবসাইট।