পন্টিংকে দুই দিন সময় দিয়েছে সিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন! মাত্র দুই দিন সময় পাচ্ছেন রিকি পন্টিং। বাংলাদেশ সফরের তিন ওয়ানডে সিরিজের জন্য আগামীকাল দল ঘোষণা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পন্টিং আজ আর আগামীকাল এই দুটো দিন পাচ্ছেন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। তাঁর এই সিদ্ধান্তই ঠিক করে দেবে, বাংলাদেশ সফরের ওয়ানডে দলের নেতৃত্ব পন্টিংয়ের কাঁধেই থাকবে কি না। নাকি বাংলাদেশ দিয়েই নতুন অধিনায়কের নেতৃত্বে যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়া?স্পষ্টতই বোঝা যায়, অধিনায়কত্ব প্রশ্নে পন্টিংয়ের মনের মধ্যে পেন্ডুলামের দোদুল্যমানতা। পন্টিং নিজেই বুঝতে পারছেন না, অধিনায়ক থেকে সরে যাবেন কি না। একবার বলছেন, ‘আমি নিজেকে এখনো এই দলের নেতা হিসেবেই দেখি। অধিনায়ক থাকি আর না-ই থাকি, দলের নেতৃত্ব-প্রক্রিয়ায় আমার অবদান রাখার সুযোগ আছে।’ আবার এমনও বলছেন, ‘যদি তারা (সিএ) চায়, আমি ব্যাটিং-অর্ডার থেকে নিচে নেমে গেলে কিংবা অধিনায়কের পদ থেকে সরে গেলে দলের জন্য মঙ্গল; আমি তা-ই করব।’ক্রিকেট অস্ট্রেলিয়াও আছে পন্টিংয়ের মতোই দোদুল্যমান অবস্থায়। পন্টিংয়ের বদলে যোগ্য নেতৃত্বও খুঁজে পাচ্ছে না সিএ। অস্ট্রেলিয়ার সব সাম্রাজ্য পন্টিংয়ের নেতৃত্বেই হারিয়েছে ঠিকই, আবার এও তো ঠিক, তাঁর সৈন্যসামন্তও সেই স্বর্ণযুগের মতো ছিল না। আবার অস্ট্রেলিয়ারই একটি অংশ মনে করে, দেশের সেরা ক্রিকেট-প্রতিভাটিকে দলের নেতৃত্বভারের চাপ থেকে সরিয়ে দেওয়াই মঙ্গলজনক হবে। এতে পন্টিং চাপমুক্ত হয়ে রান করতে পারবেন। টেন্ডুলকার যেমনটা পেরেছেন।ক্যারিয়ারের এই পর্যায়ে এসে টেন্ডুলকারকে আদর্শ মানতে শুরু করেছেন পন্টিং নিজেও। একটা সময় পর্যন্ত টেন্ডুলকারকে ভালোমতোই পিছু তাড়া করছিলেন পন্টিং। ২০০৬ সাল শেষে টেন্ডুলকারের সঙ্গে পন্টিংয়ের টেস্ট রানের ব্যবধান ছিল ১২৭৬। এখন সেটি ২৩২৯। ২০০৭-এর শেষে টেন্ডুলকারের টেস্ট সেঞ্চুরি সংখ্যা ছিল ৩৭টি। পন্টিংয়ের ছিল ৩৩টি। এখন টেন্ডুলকারের টেস্ট সেঞ্চুরি ৫১টি, পন্টিংয়ের ৩৯।গত তিন বছরে টেন্ডুলকারের ক্যারিয়ারের যেন পুনর্জন্ম হয়েছে। গত বছরই তো টেন্ডুলকার তাঁর এক বছরে সবচেয়ে বেশি রান করলেন। এর এই তিন বছরে কেবলই নিচের দিকে নেমেছেন পন্টিং।বিশ্বকাপের শেষ ম্যাচে একবুক হতাশা নিয়ে বিদায় নিয়েছেন ঠিকই। আবার ওই ম্যাচের সেঞ্চুরি থেকেই প্রেরণা নিচ্ছেন এই ৩৬ বছর বয়সী। যে সেঞ্চুরি তাঁর ক্যারিয়ারে ‘টেন্ডুলকারীয়’ পরিবর্তন এনে দেবে বলে আশা পন্টিংয়ের, ‘ওই ইনিংসে আমি আবার আমার সেই ব্যাটিংয়ের ছন্দটাই যেন পাচ্ছিলাম। আশা করি, এটা আমার জন্য নতুন কিক-স্টার্ট হবে, হবে টেন্ডুলকারীয় পুনর্জন্ম।’বাংলাদেশ সফরে পুরো শক্তির দল যে চান, সেটি বলেছিলেন বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার আগেই। পন্টিং এখনো বলছেন, পুরো শক্তির দল নিয়েই যাওয়া উচিত। এমনকি চার মাস ধরে টানা ক্রিকেট খেলার ধকল সামলে নেওয়ার জন্য আবশ্যকীয় ছুটিটাও পন্টিং নিতে চান না। বাংলাদেশ সফরের দলে থাকতে চান। কিন্তু সেই দলে অধিনায়ক হিসেবে থাকবেন কি না, পন্টিং নিজেও দুই দিন আগের এই মন্তব্যে নিশ্চিত করে বলেননি, ‘বাংলাদেশের উদ্দেশে দেশ ছাড়ার আগে কদিন সময় পাব। তখন এটি নিয়ে আরেকবার ভাবা যাবে।’ ওয়েবসাইট।