পন্টিংকে ধরে ফেললেন ক্যালিস
টেস্ট ক্রিকেটে টেন্ডুলকার নিজেকে যে পর্যায়ে নিয়ে গেছেন, তা কেউ অতিক্রম করতে পারবে কি না, তা নিয়ে সংশয়ে আছে অনেকেরই। কয়েক দিন আগেই তিনি উদ্যাপন করেছেন ৫০তম টেস্ট সেঞ্চুরি। প্রথম স্থানের জন্য টেন্ডুলকারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে যাওয়ার মতো পরিস্থিতিও কেউ তৈরি করতে পারেননি এখনো। ৩৯ সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানটা অনেক দিন ধরেই দখলে ছিল রিকি পন্টিংয়ের। এবার ক্যারিয়ারের চরম দুর্যোগপূর্ণ মুহূর্তে সেই স্থানটাতেও আর একক আধিপত্য থাকল না অস্ট্রেলিয়ার অধিনায়কের। কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে পন্টিংকে ধরে ফেলেছেন জ্যাক ক্যালিস। ২০০৮ সালের শুরুতে ৩৪টি সেঞ্চুরি করে সুনীল গাভাস্কারকে পেছনে ফেলেছিলেন পন্টিং। ক্যালিসের সেঞ্চুরিসংখ্যা তখন ৩০। কিন্তু তারপর আকাশ-পাতাল ব্যবধান তৈরি হয়েছে দুজনের পারফরমেন্সে। শেষ দুই বছরে একেবারেই ভিন্নপথে হেঁটেছেন দুজন। পন্টিং গত দুই বছরে তিন অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন মাত্র দুবার। সেই জায়গায় ক্যালিস হাঁকিয়েছেন আটটি শতক। আজ নবম শতকটি করেই বসে গেছেন পন্টিংয়ের পাশে। সামনেই আরও একটা মাইলফলকের হাতছানি আছে দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারের সামনে। আর মাত্র ২০৫ রান করলেই দক্ষিণ আফ্রিকান প্রথম ব্যাটসম্যান হিসেবে ঢুকে যাবেন ১২ হাজার রানের ক্লাবে, যেখানে এর আগে গেছেন মাত্র তিনজন—টেন্ডুলকার, পন্টিং, দ্রাবিড়।