পন্টিংকে পাশেই পেতে চান ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর ব্যক্তিগত পছন্দ ছিল স্টিভ রিক্সন, এমন একটা গুঞ্জন আছে। তবে মিকি আর্থারের কোচ হওয়ার খবরটা নিশ্চয়ই বিস্ময় হয়ে আসেনি মাইকেল ক্লার্কের কাছে। অধিনায়কের মতামত না নিয়ে তো আর কোচ নিয়োগ দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া! অস্ট্রেলিয়ান অধিনায়কও জানিয়ে দিলেন, আর্থারের নিয়োগে তিনি রোমাঞ্চিত। অপেক্ষায় আছেন একসঙ্গে কাজ করার জন্য। দক্ষিণ আফ্রিকা থেকে পরশুই দেশে ফিরেছে অস্ট্রেলিয়া। সিডনি বিমানবন্দরে ক্লার্ক কথা বললেন নতুন কোচ নিয়ে, ‘দক্ষিণ আফ্রিকার হয়ে মিকি দারুণ কাজ করেছে। আমরা সবাই রোমাঞ্চিত এবং তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’একসঙ্গে কাজ করার সুযোগটা খুব দ্রুতই পেয়ে যাচ্ছেন ক্লার্ক। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দল নির্বাচন হবে দু-এক দিনের মধ্যেই। ডন আর্গাস পর্যালোচনা কমিটির সুপারিশক্রমে কোচ ও অধিনায়কও এখন নির্বাচক কমিটির সদস্য। নিউজিল্যান্ড সিরিজের দল নিয়ে মূল কৌতূহলটা অবশ্যই রিকি পন্টিংকে ঘিরে। টানা ১৩ ইনিংসে ফিফটির দেখা না পাওয়া সাবেক অধিনায়ক জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেছেন ৬২ রানের ইনিংস। যেটি আপাতত পন্টিংয়ের ক্যারিয়ার বাঁচিয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে ভবিষ্যতের দিকে তাকিয়ে পন্টিংকে ছেঁটে ফেলার মতও অনেক আছে। প্রতিপক্ষ যখন নিউজিল্যান্ড, নতুনদের খেলানোর সুযোগ তো এটাই!কোচ হওয়ার পর আর্থারের প্রথম সংবাদ সম্মেলনেই উঠেছিল প্রসঙ্গটা। আর্থার তখন বলেছিলেন, ‘দল নির্বাচন সভাতেই মতামতটা জানাব।’ আর মাইকেল ক্লার্ক পন্টিং সম্পর্কে আগের জায়গা থেকে একচুলও সরে আসেননি, ‘আমি আগেই এটা পরিষ্কার করে বলেছি, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকায় আমাদের সাফল্যে বড় একটা ভূমিকা রেখেছে রিকি পন্টিং। আমি চাই, এটা বজায় থাকুক। রিকির ৩৯টি টেস্ট সেঞ্চুরি আছে, অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মধ্যে ব্র্যাডম্যানকে বাদ দিলে তার ব্যাটিং পরিসংখ্যানই সেরা—এতেও যদি কিছু প্রমাণ না হয়, আমি জানি না কিসে হবে।’মাঠে ও মাঠের বাইরে পন্টিংয়ের অভিজ্ঞতাটা বড় মূল্য পাচ্ছে ক্লার্কের কাছে, ‘আমাদের সবার মতো ও (পন্টিং) আরও বেশি রান পেলে আমি খুশি হব। তবে মাঠ ও মাঠের বাইরে ও দলে অনেক অবদান রেখে আসছে, আমি চাই এটা চলতে থাকুক।’নিজে যে এখনই সরে দাঁড়ানোর কোনো চিন্তা করছেন না, সেটি পন্টিং আগেও বলেছেন। দেশে ফিরেও বলতে হলো আরেকবার, ‘অবশ্যই আমি খেলা চালিয়ে যেতে চাই। আমি এখনো উপভোগ করছি, সব সময়ই করেছি। আমি থাকতে চাই এবং দলে অবদান রাখতে চাই। আর নিজের কাজটা যদি ঠিকঠাক করতে পারি, আশা করি, আমাকে দলেও নেওয়া হবে।’নির্বাচকদের কাজটা অবশ্য অনেকটাই সহজ করে দিয়েছে শন মার্শের চোট। খুব নাটকীয় কিছু না ঘটলে ১ ডিসেম্বর ব্রিসবেনে নিউজিল্যান্ডের বিপক্ষে হয়তো মাঠে নামছেন পন্টিং। পন্টিংয়ের রক্ষাকবচ হয়ে এসেছে জোহানেসবার্গ টেস্টে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়টাও। সেই টেস্টে হেরে গেলে অস্ট্রেলিয়া দলে একটা ওলটপালট হয়তো হতোই।জোহানেসবার্গের দ্বিতীয় ইনিংসের ৫৫ একটু নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছে ব্র্যাড হাডিনকেও। আগের ১০ ইনিংসে হাডিনের গড় ছিল ১৪.৭০! ৪০ রানের ম্যাচজয়ী ইনিংস খেললেও মিচেল জনসনকে নিয়ে অবশ্য সংশয় আছে। মূল কাজ যেটি, সেই বোলিংয়ে ৮৫ গড়ে পেয়েছেন মাত্র ৩ উইকেট। এখন অবশ্য ফর্মের চেয়ে পায়ের আঙুলে চোটের কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তাঁর খেলা নিয়ে বেশি সংশয়। রায়ান হ্যারিস ও শেন ওয়াটসনের না থাকা তো প্রায় নিশ্চিতই করে দিয়েছে চোট। এএফপি, ওয়েবসাইট।