পন্টিংকে সময় বেঁধে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই যুগ পর নিজ দেশের মাটিতে অ্যাশেজ ব্যর্থতার পর বিশ্বকাপেও ভরাডুবি। টানা তিনবারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই। অসি অধিনায়ক রিকি পন্টিংয়ের অধিনায়কত্ব নিয়ে কথাবার্তা এবার বেশ জোরেশোরেই উঠেছে। পন্টিং এবার শুধু ক্ষুব্ধ অসি সমর্থক বা মিডিয়ার সমালোচনাতেই বিদ্ধ হচ্ছেন না; খোদ অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডও দুবারের বিশ্বকাপজয়ী এ অধিনায়ককে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। সামনের মাসে বাংলাদেশ সফরে রিকি পন্টিং দলে থাকবেন কি না, সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য পন্টিংকে তিন দিনের সময় বেঁধে দিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।বিশ্বকাপ মিশন শেষ করে গতকালই দেশে ফেরার পর স্বাভাবিকভাবেই অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে রিকি পন্টিংদের। ভারতের বিপক্ষে শেষ ম্যাচে ১০৪ রানের অধিনায়কোচিত ইনিংসটি দিয়েও খুব বেশি সহানুভূতি পাচ্ছেন না পন্টিং। বিদায়ঘণ্টা যে বেজেই গেছে, এটা বোধহয় বেশ ভালোমতোই টের পাচ্ছেন অস্ট্রেলিয়ার অন্যতম সফল এ অধিনায়ক। গতকাল নিজের ভবিষ্যত্ সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘সামনের কয়েকটা দিন আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার জন্য কোনটা ভালো হবে, সর্বোপরি অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য কোনটা ভালো হবে—সে সিদ্ধান্তটা আমাকে কয়েক দিনের মধ্যেই নিতে হবে।’তবে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে হলেও মাইকেল ক্লার্কের নেতৃত্বে খেলে যেতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন পন্টিং। এমনকি দলের স্বার্থে তিনি যেকোনো জায়গাতেই ব্যাট করতে রাজি। আর যদি শেষ পর্যন্ত তাঁকে দল থেকে বাদও দেওয়া হয়, সেটাও তিনি মাথা পেতে নিতে প্রস্তুত আছেন। পন্টিং বলেছেন, ‘আমি সরে দাঁড়ানোর জন্য পুরোপুরি প্রস্তুত আছি। যদি ক্রিকেট বোর্ড বা আমার মনে হয়, এটাই সবচেয়ে ভালো পথ, তাহলে আমি সরে দাঁড়াব।’ টাইমস নিউজ নেটওয়ার্ক।