পন্টিংকে সাজঘরেও দেখতে চাই না: ইয়ান চ্যাপেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকি পন্টিংকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ব্যাপারে অনেক দিন ধরেই সোচ্চার ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল। কিন্তু পন্টিং বরাবরই বলে আসছিলেন, তিনি নিজে থেকে অধিনায়কত্ব ছাড়বেন না। এ নিয়ে একটা ঠান্ডা লড়াই অনেক দিন ধরেই চলছিল দুজনের মধ্যে। অবশেষে অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে আঙুলের ইনজুরির জন্য বাধ্য হয়েই সরে দাঁড়াতে হয়েছে পন্টিংকে। অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন মাইকেল ক্লার্ক। কিন্তু তাতেও মন ভরছে না চ্যাপেলের। পন্টিংয়ের ওপরে তিনি এতটাই ক্ষুব্ধ যে এখন তিনি অস্ট্রেলিয়ার সাজঘরেও দেখতে চান না দুবারের বিশ্বকাপ জয়ী এ অধিনায়ককে।সিডনি টেস্টে মাঠে নামতে না পারলেও দলের সঙ্গে সব সময়ই আছেন পন্টিং। সবার সঙ্গে কথা বলছেন দলের নিয়মিত অধিনায়ক হিসেবেই। বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন, সুপারিশ করছেন। আর এটাই পছন্দ হচ্ছে না চ্যাপেলের। এটা অস্ট্রেলিয়ার জন্য সুফল বয়ে আনবে না উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, অস্ট্রেলিয়া দলে এমন কেউ থাকা দরকার যে বলতে পারবে, রিকি, এই ম্যাচে অধিনায়ক তুমি না, মাইকেল ক্লার্ক। রিকি যদি দলের কাছ থেকে দূরে থাকে এবং সব দায়িত্ব ক্লার্কের ওপরে ছেড়ে দেয়, তাহলেই সেটা অস্ট্রেলিয়ার জন্য মঙ্গলজনক হবে। যদিও আনুষ্ঠানিকভাবে এটা এখনো ক্লার্কের দল না, কিন্তু আমার মতে রিকি ধারেপাশে না থাকলেই সেটা ক্লার্কের জন্য ভালো হবে।’মেলবোর্ন টেস্টটাই অধিনায়ক হিসেবে পন্টিংয়ের শেষ টেস্ট হওয়া উচিত মন্তব্য করে চ্যাপেল বলেছেন, ‘এখন অস্ট্রেলিয়ার নতুনভাবে শুরু করা দরকার। আর পুরোনো অধিনায়ককে দলে রেখে নতুনভাবে যাত্রা শুরু করা কখনোই সম্ভব না।’বদলি অধিনায়ক মাইকেল ক্লার্ক অবশ্য একমত হতে পারেননি চ্যাপেলের সঙ্গে। পন্টিংয়ের উপস্থিতিটা দলের জন্য অনেক স্বস্তিদায়ক বলেই মানছেন ক্লার্ক। তিনি বলেছেন, ‘রিকি এই টেস্টটা খেলতে পারছে না, এটা নিশ্চিত হওয়ার পর আমি অনেক বিষয়েই রিকির সঙ্গে খোলাখুলি কথা বলেছি। সে পাশে থাকলে আমি অনেক স্বস্তি পাই।’ টাইমস নিউজ নেটওয়ার্ক।