পন্টিংদের ব্যাটিং ক্লাস!
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই অস্ট্রেলিয়া পৌঁছে গেছেন টেন্ডুলকার-দ্রাবিড়-লক্ষ্মণরা। এবার নিজেদের মাটিতেই আগেভাগে ক্যাম্প করতে হচ্ছে পন্টিং-ক্লার্কদের। বক্সিং ডে টেস্টের ভেন্যু মেলবোর্নে ২০-২২ ডিসেম্বর হবে এই ক্যাম্প, যেটির নাম দেওয়া যায় ‘সুইং সামলানোর শিক্ষামূলক ক্যাম্প!’অস্ট্রেলিয়ার সর্বশেষ দুটি বিব্রতকর পরাজয়ের মূল কারণ সুইং বোলিংয়ে ব্যাটসম্যানদের দিশেহারা অবস্থা। ডারবানে ফিল্যান্ডার-স্টেইনদের সুইংয়ে ৪৭ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। হোবার্টে ক্লার্ক-হাসিদের নাকাল করে ছেড়েছেন ব্রেসওয়েল-মার্টিন-সাউদিরা। ভারত সিরিজের আগে জরুরি সমাধান হিসেবে তাই তিন দিনের এই ক্যাম্প। সুইং বোলিং খেলার নিবিড় অনুশীলনের এই ক্যাম্পে থাকবেন রিকি পন্টিং, মাইক হাসি, মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন, ব্র্যাড হাডিন ও ফিট হওয়া সাপেক্ষে শন মার্শ। ওই সময়ই ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন বলে ক্যাম্পে থাকবেন না ডেভিড ওয়ার্নার, ফিলিপ হিউজ ও উসমান খাজা।প্রস্তুতি ম্যাচে খেললেও বক্সিং ডে টেস্টে হিউজের না থাকাটা মোটামুটি নিশ্চিত। চোট কাটিয়ে ফিরছেন ওয়াটসন। হোবার্টে আদ্যন্ত ব্যাট করা ওয়ার্নারের সঙ্গে ইনিংস শুরু করবেন তাই ওয়াটসনই। একটা ঝামেলা তবু থেকেই যাবে অস্ট্রেলিয়ার, ওয়াটসন ফিরলেও প্রথম টেস্টে বোলিং করতে পারবেন না। সাম্প্রতিক সময়ে ওয়াটসনের বোলিংটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার জন্য। ব্যাটিং টেকনিকের জন্য তোপের মুখে থাকা হিউজ অবশ্য দারুণ সাহসী ও দূরদর্শী এক সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল শুরু হতে যাওয়া বিগ ব্যাশ টি-টোয়েন্টিতে খেলবেন না বাঁহাতি ওপেনার। আগামী কিছুদিন স্রেফ প্রথম শ্রেণীর ক্রিকেটই খেলবেন আর কাজ করবেন নিজের ব্যাটিং টেকনিক নিয়ে। পন্টিং-হাসিরা অন্তত ভারত সিরিজে থাকছেন, এটা এখন নিশ্চিতই। তবে আবারও দলে পরিবর্তনের ডাক দিয়েছেন স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটকে আর শক্তিশালী করা ও সামনে এগিয়ে নেওয়ার স্বার্থেই সাহসী কিছু সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। কোনো দল জিততে থাকলে ফর্ম নিয়ে সংগ্রামরত একজন ব্যাটসম্যান বা বোলারকে নিয়ে এগিয়ে যাওয়া যায়। কিন্তু হারলে ওসব সামনে চলে আসে। ক্রিকেট পারফরম্যান্স-ভিত্তিক খেলা, পারফর্ম না করলে খেলা উচিত নয়।’হোবার্টের জয়ে এখনো উচ্ছ্বসিত নিউজিল্যান্ড ক্রিকেট। অনেকে মনে করছেন, দুঃসময় পেছনে ফেলে এবার সামনে এগিয়ে যাবে নিউজিল্যান্ড। তবে উচ্ছ্বাসে বাঁধ দিতে বলছেন কোচ জন রাইট, ‘এখনই বলা মুশকিল দলের ভালো সময় ফিরেছে। হোবার্টের জয়ে লোকজন একটু বেশি-ই উচ্ছ্বাসে ভেসেছে। কিন্তু এটা মাত্র শুরু। সামনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট আছে, এরপর দক্ষিণ আফ্রিকা। আশা করি, ওই সিরিজগুলোয় আমরা নিজেদের মেলে ধরতে পারব।’পুরো ক্রিকেট-বিশ্বে ব্যাপক সমালোচনার মধ্যে ম্যাচসেরা নির্বাচনের নিয়ম পাল্টেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড সিরিজে দর্শকদের ভোটে নির্বাচিত হয়েছে ম্যাচসেরা। শতকরা ৫৮ ভাগ ভোট পেয়ে সেরা হয়েছিলেন ওয়ার্নার, নিউজিল্যান্ডের জয়ের নায়ক ডগ ব্রেসওয়েল পেয়েছিলেন মাত্র ২৭ শতাংশ ভোট। এ নিয়ে অনেক সমালোচনা ও বিদ্রূপের পর বিশেষজ্ঞ দিয়ে ম্যাচসেরা নির্বাচনের পুরোনো নিয়মে ফিরে গেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়েবসাইট।