পন্টিংয়ের হ্যাঁ-না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ান ক্রিকেট দল এখন ইংল্যান্ডে। রিকি পন্টিংও ইংল্যান্ডে। চ্যাম্পিয়নস ট্রফি খেলতে মাইকেল ক্লার্করা এখন কার্ডিফে, সারের হয়ে কাউন্টি খেলতে পন্টিং লন্ডনে। দুই পক্ষ কি আর কখনো মিলবে একবিন্দুতে? বিয়ারের গ্লাস কিংবা চায়ের কাপ হাতে আড্ডায় হয়তো ক্লার্করা পাশে পাবেন সাবেক অধিনায়ককে, কিন্তু অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে কি আবার ফিরবেন পন্টিং?প্রশ্নটা উঠছে পন্টিং ইংল্যান্ডে বলেই। অদ্ভুত কত কিছুর সাক্ষীই তো হয়ে আছে ক্রিকেট ইতিহাস। অবসরের তিন বছর পর ১৯৭৪-৭৫ অ্যাশেজে যেমন ডাকা হয়েছিল ৪২ বছর বয়সী কলিন কাউড্রেকে। হয়তো এবার অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের সবার ফর্ম একযোগে খারাপ হয়ে পড়ল, হয়তো দল চোট-জর্জর হয়ে পড়ল আর ওদিকে কাউন্টিতে রান-বন্যা ছোটাতে থাকলেন পন্টিং। সব মিলিয়ে হঠাৎই যদি অস্ট্রেলিয়া দল থেকে আসে কোনো ‘এসওএস’, তাহলে? পন্টিং কি সাড়া দেবেন?কাল্পনিক সম্ভাবনায় পন্টিং নিজেও যেন বিভ্রান্ত। মঙ্গলবার ডেইলি মেইলকে বললেন, ডাক পেলে উপেক্ষা করতে পারবেন না। ২৪ ঘণ্টার মধ্যেই আবার বদলে ফেললেন মনোভাব। কাল স্কাই স্পোর্টসকে বললেন, কোনো ডাকেই আর ফিরবেন না। অবসরজীবনেই খুশি!জুলাইয়ের শেষ পর্যন্ত সারের সঙ্গে চুক্তি পন্টিংয়ের। দুবার অ্যাশেজ হারের যন্ত্রণায় পুড়তে হয়েছে যে মাঠে, যেখানে মাইকেল ভন (২০০৫) ও অ্যান্ড্রু স্ট্রাউসকে (২০০৯) দেখেছিলেন অ্যাশেজ ভস্মাধার তুলে ধরতে, সেই ওভাল এখন পন্টিংয়ের ঘরের মাঠ। এবারও শেষ টেস্ট ওভালে। পরশু ডেইলি মেইলকে বলেছিলেন, ডাক এলে আবারও মাথায় তুলতে রাজি ব্যাগি গ্রিন, ‘আমার মনে হয় না, ওদের আমাকে প্রয়োজন হবে, দলে তো রিজার্ভ ব্যাটসম্যান আছে যথেষ্ট। তবে সত্যিই ডাক এলে “না” বলা যাবে না, যাবে কি! “কখনোই নয়” আর কখনো বলব না। তবে এটা বলতেই হবে, ডাক আসার সম্ভাবনা নেই বললেই চলে।’তবে রাতের ঘুমে হয়তো বদলে গেল ভাবনাও। ফেরার সামান্য সম্ভাবনার রোমাঞ্চটুকুতেও জল ঢেলে দিলেন স্কাই স্পোর্টসে সাক্ষাৎকারে, ‘কাল মেইলকে একটা সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর যেভাবে দেওয়া উচিত ছিল, সেভাবে দিতে পারিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া সুখী এক ক্রিকেটার আমি। ১৭-১৮ জনের স্কোয়াড, স্ট্যান্ডবাই ব্যাটসম্যানও আছে। প্রয়োজনে ওরাই প্রস্তুত থাকবে। এবার অ্যাশেজ খেলছি না, এটা নিশ্চিত। আমার এখনো সুযোগ আছে বলে অনেকে ভাবছেন, এটাই আমার অনেক ভালো লাগছে। কিন্তু অবসরজীবনেই আমি সুখী, এখন সময় তরুণদের সুযোগ কাজে লাগানোর।’তবে এই অ্যাশেজ খেলার ইচ্ছা থেকেই যে নেতৃত্ব ছাড়ার পরও খেলা চালিয়ে যাচ্ছিলেন, সেটা লুকাননি পন্টিং, ‘এই সিরিজের জন্যই আমি খেলা চালিয়ে যাচ্ছিলাম। আমি ও মাইক হাসি থাকলে দল আরও শক্তিশালী হতো, সন্দেহ নেই। কিন্তু জানতাম, আমি আর দলের অংশ হওয়ার মতো যথেষ্ট ভালো ছিলাম না। এ জন্যই দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বিদায় নিয়েছি।’ এএফপি, ওয়েবসাইট।