পন্টিংয়ের অচেনা অভিজ্ঞতা
‘হ্যালো, শুভ সকাল। অ্যাশেজের প্রথম টেস্টে ট্রেন্ট ব্রিজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিকি পন্টিং!’বেশি দূরে নয়, আগামী জুলাইয়েই পুরোদস্তুর ভাষ্যকার হিসেবে দেখা যেতে পারে পন্টিংকে। বয়স এখনো ৩৮ পূর্ণ হয়নি। একজন পুরুষের জন্য এই বয়সটা কর্মজীবনে ভীষণ রকমের ব্যস্ততার। খেলোয়াড়দের জীবনের ট্র্যাজেডি, সেই বয়সটাতেই তাঁরা হয়ে পড়েন বেকার! হাতে থাকে অখণ্ড অবসর। অবসর এখন পন্টিংয়ের জীবনেও। রাজ্য দলের হয়ে এই মৌসুমে অবশ্য ফার্স্ট ক্লাস ম্যাচ খেলবেন। বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়েও কিছু ম্যাচ খেলার কথা আছে। কিন্তু সেই খেলাটাও যে খুব উজ্জীবিত হয়ে খেলতে পারবেন, এই নিশ্চয়তা খোদ পন্টিং নিজেই দিতে পারছেন না, ‘এই মৌসুমের শেষে খতিয়ে দেখব ক্রিকেট কেমন উপভোগ করছি। এই শেষ কটা ম্যাচ খেলা আমার জন্য খুব কঠিন হয়ে পড়বে বলেই মনে হচ্ছে। কারণ এর আগে রাজ্য দলের হয়ে খেলার সময় ভাবনায় বড় একটা ছবি ছিল, লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ার হয়ে খেলা। কিন্তু এখন সেটা থাকছে না।’হোবার্ট টেস্টের প্রথম দিনেই সাতসকালে হাজির হয়েছেন মাঠে। পরনে সাদা পোশাকও ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার সাদা জার্সি নয়, সাদা একটা শার্ট। গলায় টাই। তার ওপর স্যুট। ১৯৯৫ সালে অভিষেকের পর অস্ট্রেলিয়ার খুব কম টেস্টেই দর্শকের ভূমিকায় থাকতে হয়েছে। প্রায় অচেনা সেই অভিজ্ঞতাই হলো কাল। হোবার্টে একেবারে নিজের উঠানে খেলছে অস্ট্রেলিয়া। কিন্তু তিনি নেই!না থেকেও অবশ্য একভাবে থাকলেন। পার্থেই বিদায় নিয়েছেন। কিন্তু তাসমানিয়া চেয়েছে তার ঘরের ছেলেকে ঘরের মাঠে একটা বিদায় সংবর্ধনা দিতে। কাল তাই তাসমানিয়ার হোম গ্রাউন্ড হোবার্টে ল্যাপ অব অনার দিতে হলো পন্টিংকে। লাঞ্চ বিরতির সময় একটা গাড়িতে চেপে পুরো মাঠ চক্কর দিলেন। সঙ্গে থাকল দুই মেয়ে এমি ও মাতিস। সাদা রঙের জিপের ওপর লাল রঙে লেখা: ফিলিং! যেন পন্টিংয়ের আবেগই বোঝাতে লেখা হয়েছে সেটা। পন্টিং এর পর কথা বলেছেন তাঁর জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। খোদ মাইকেল ক্লার্ক চান পন্টিং দলের সঙ্গেই যেকোনোভাবে যুক্ত থাকুন। তাঁর প্রজ্ঞার প্রয়োজন এখনো আছে। কোচ বা মেন্টর যেকোনো ভূমিকাতেই পন্টিংকে রেখে দেওয়ার পক্ষে তাঁরই উত্তরসূরি। তবে পন্টিং নিজে অপেক্ষাকৃত কম চাপের কাজ করতে বেশি আগ্রহী। ধারাভাষ্য হতে পারে সবচেয়ে ভালো বিকল্প। রিচি বেনো-ইয়ান চ্যাপেলদের পথ অনুসরণ করতে পারেন। জানালেন, ‘কোনো পর্যায়ে যেকোনোভাবে আমি মিডিয়ায় কাজ করতে আগ্রহী। ক্রিকেটে এত দিন ধরে এত সফল একটা দলের অংশ হয়ে ছিলাম। খেলাটা সম্পর্কে আমার বেশ ভালো জ্ঞান, অন্তর্দৃষ্টি আছে বলেই মনে করি। দেখা যাক কী হয়।’খেলোয়াড় পন্টিংয়ের যাত্রা শুরু হয়েছিল সেই শৈশবে। তাসমানিয়ার মোব্রে ক্রিকেট ক্লাবের হয়ে। সেই ক্লাবের ক্রিকেটাররাও কাল সংবর্ধিত করলেন পন্টিংকে। বিদায় নেওয়ার ১১ দিনের মাথায় এসে আবারও আবেগের স্রোতে পড়লেন, ‘সবাই জানে আমার ক্যারিয়ার গত সপ্তাহেই শেষ হয়ে গেছে। এখানে আজ তাই অন্য রকম একটা আনন্দ হলো। জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে আমি রোমাঞ্চিত। অনেক ক্লাব-সতীর্থ। অনেকে এই টেস্টে আমি খেলব ভেবে আগেভাগে টিকিটও নিশ্চয়ই কেটে রেখেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি তাদের মতোই দর্শক হয়ে গেলাম।’তাসমানিয়ার প্রতি তাঁর অশেষ কৃতজ্ঞতার ভাঁড়ারটাও এদিন উজাড় করে দিলেন। ওয়েবসাইট।