পন্টিংয়ের অনুপ্রেরণায় দ্রাবিড়ের পুনর্জন্ম
চরম দুঃসময়, অনন্ত চাপ। ব্যাটে রান নেই। বয়সটাও পক্ষে নেই। ইস্পাতদৃঢ় মানসিকতার মানুষটিও ভেঙে পড়ছে। নিজের কাছেই নিজের সামর্থ্য নিয়ে সংশয় জাগছে। এমন সময় পাশে পেলেন এমন একজনকে, এই অঙ্গনে যিনি সেরাদের একজন। পেলেন অনুপ্রেরণা, ‘হাল ছেড়ো না, লড়াই চালিয়ে যাও। জয় হবেই..।’ ব্যস, শক্ত হলো চোয়াল। ফিরে এল মনোবল। দাঁতে দাঁত চেপে লড়াই করলেন এবং জিতলেন!গল্পটা রাহুল দ্রাবিড়ের। অনুপ্রেরণাদায়ীর নাম রিকি পন্টিং, টেস্ট রানে যাঁকে ছাড়িয়ে দুইয়ে উঠেছেন। বছর খানেক আগের গল্পটা বলেছেন পন্টিং নিজেই। অধিনায়কত্ব ছাড়ার পর প্রথম একান্ত সাক্ষাৎকারে ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে পন্টিং কথা বলেছেন আরও অনেক ব্যাপারেই।ইংল্যান্ডে ভারতের চরম ব্যর্থতার সিরিজে ৩ সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বের আলোচিত চরিত্র এখন দ্রাবিড়। পন্টিংয়ের বলা ঘটনাটা অস্ট্রেলিয়ার গত ভারত সফরের। ওই সিরিজে দুই টেস্টে একটি ফিফটি করেছিলেন দ্রাবিড়, এর ঠিক আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টে ফিফটি ছিল না একটিও। পন্টিং ফিরে গেছেন ওই সময়টায়, ‘ওই সিরিজের সময় দ্রাবিড় ফুরিয়ে গেছে বলে অনেক কথা হচ্ছিল। সিরিজ শেষে আমি ওকে বলেছিলাম, অবসর নেওয়ার কথা মাথায়ও এনো না। বলেছিলাম, হতাশা চেপে বসতে দিয়ো না, ব্যর্থতার কাছে হার মেনো না। অ্যাশেজের আগে-পরে আমিও ওর কাছ থেকে একই রকম খুদে বার্তা পেয়েছি।’এর পরই নিউজিল্যান্ড সিরিজে দুটি সেঞ্চুরি করেন দ্রাবিড়। সর্বশেষ সাত টেস্টে করলেন ৪ সেঞ্চুরি। পন্টিং জানালেন দ্রাবিড়সহ সমকালীন আরও কজনের পারফরম্যান্স সবার জন্যই হতে পারে অনুপ্রেরণা, ‘দ্রাবিড় আছে, আরও কয়েকজন আছে আমার এই বয়সে যারা বড় অনুপ্রেরণা। শচীন ও ক্যালিসেরও গত বছরটা দারুণ কেটেছে। ওদের ভালো করতে দেখা শুধু আমার বয়সীদের জন্য নয়, তরুণদের জন্যও অনুপ্রেরণা। এই বার্তাটা পাওয়া যাচ্ছে, প্রতিভা থাকলে এবং কঠোর পরিশ্রম করলে বয়স খেলাটায় কোনো বাধা নয়।’স্বীকার করেছেন, শেষ দিকে অধিনায়কত্বের প্রভাব পড়েছে তাঁর ব্যাটিংয়ে, ‘কোনো সন্দেহ নেই, দলের পারফরম্যান্সের কারণে নিজের কাজটা কঠিন হয়ে যাচ্ছিল। দলে পরিবর্তন হচ্ছিল, এতে নিজের ওপর অনেক চাপ নিয়ে নিচ্ছিলাম। দায়িত্ব ছেড়ে দেওয়ার পর গত দুই সিরিজে কিছুদিনের চেয়ে একটু ভালো করেছি।’এসেছে তরুণদের প্রসঙ্গ। পন্টিং তুলে ধরেছেন টি-টোয়েন্টির প্রভাব কীভাবে পরবর্তী প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করছে, ‘আমার বেড়ে ওঠার সময়টায় ক্রিকেট মানে ছিল যতক্ষণ আউট না হচ্ছি, ব্যাটিং করতেই থাকব। এখন অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ বয়সীরাও জাতীয় চ্যাম্পিয়নশিপে দুই দিনের ম্যাচের বদলে টি-টোয়েন্টি খেলছে। এখন রাজ্য দলের একজন ভালো ব্যাটসম্যানের গড় বড়জোর ৩৫। আমাদের সময় ৩৫ গড় থাকলে বাবা একটা বাস্কেটবল বা ফুটবল ধরিয়ে দিয়ে বলত, ক্রিকেট খেলার প্রয়োজন নেই।’অতিরিক্তি টি-টোয়েন্টির কুফল ভারতীয় ক্রিকেটে পড়তে শুরু করেছে বলে মনে করেন পন্টিং। তাঁর ধারণা, গ্রেটরা চলে গেলে অস্ট্রেলিয়ার মতো ভারত-দক্ষিণ আফ্রিকাকেও ভুগতে হবে, ‘ভারতের মতো এত টি-টোয়েন্টি আর কোথাও হয় না। গ্রেটরা এখনো আছে বলে অস্ট্রেলিয়ার মতো অবস্থা ওদের এখনো হয়নি। কিন্তু টেন্ডুলকার-দ্রাবিড়-লক্ষ্মণরা সারা জীবন খেলে যাবে না। বোলিং নিয়েও তাদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। আগের মতো ভালো স্পিনার উঠে আসছে না, জহির খান না থাকলে বোলিংয়েও বেশি কিছু থাকে না। গ্রেটরা চলে গেলে ওদের অবস্থা দেখাটা হবে ইন্টারেস্টিং। দক্ষিণ আফ্রিকারও তা-ই, স্মিথ ও স্টেইন চলে গেলে ওরা কীভাবে গুছিয়ে উঠে, এটা দেখাও হবে ইন্টারেস্টিং।’ ওয়েবসাইট।