পন্টিংয়ের আরেকটি ‘সেঞ্চুরি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ইনিংসে ৪৪ রান করেছেন, অন্য ইনিংসে ৪। দলের জয়ে কোনো অবদান নেই। তার পরও জয় উদ্যাপনের সময় বিশেষভাবে অভিনন্দিত হলেন রিকি পন্টিং। অস্ট্রেলীয় কেতায় সতীর্থরা কেউ কেউ এসে পিঠ চাপড়ে দিলেন। তিনি যে গড়লেন ইতিহাস! টেস্ট ক্রিকেটের একমাত্র খেলোয়াড় হিসেবে পেয়ে গেলেন শততম জয়ের দেখা। এটা যে কত বড় অর্জন সেটা বোঝা যাবে এই তথ্যে: ১৯৩২ সালে টেস্ট অভিষিক্ত ভারত শততম জয়ের দেখা পেয়েছে এই সেদিন, ২০০৯ সালে।অস্ট্রেলিয়ার সোনালি প্রজন্মের প্রতিনিধি ছিলেন, পন্টিংয়ের এই অর্জন সেই কথাই মনে করিয়ে দেয়। হারানো সেই দিন ফিরিয়ে আনার মিশন নিয়েই এবারের শ্রীলঙ্কা সফর শুরু করেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ জেতার পর প্রথম টেস্টে ১২৫ রানের জয়—মাইকেল ক্লার্কের নেতৃত্বে সেই মিশনের শুরুটা হলো দারুণ। ২০০৬ সালে বাংলাদেশ সফরের পর এই প্রথম উপমহাদেশে কোনো টেস্ট জিতল অস্ট্রেলিয়া।বর্তমান খেলোয়াড়দের মধ্যে জয়ের সংখ্যায় পন্টিংয়ের পরে আছেন জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জিতেছেন ৬৯ ম্যাচ। গল টেস্টে খেলা ক্রিকেটারদের মধ্যে পন্টিংয়ের ‘কাছাকাছি’ আছেন মাহেলা জয়াবর্ধনে, তা-ও প্রায় অর্ধেক দূরত্বে, ৪৯টি জয় নিয়ে।পন্টিংয়ের ‘সেঞ্চুরি’র পথে কাল বড় বাধা হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন এই জয়াবর্ধনেই। জয়ের জন্য লক্ষ্যটা ছিল কঠিন—৩৭৯ রান। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিনেই শ্রীলঙ্কা ৬৮ রানে হারিয়ে ফেলেছিল ৫ উইকেট। কিন্তু সেখান থেকেই ষষ্ঠ উইকেট জুটিতে অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়ে পাল্টা লড়াই শুরু করেন জয়াবর্ধনে। যদিও শেষ পর্যন্ত তাঁর সেঞ্চুরি আর ম্যাথুসের ‘প্রায় সেঞ্চুরি’ ইনিংস দুটো বৃথা গেছে। আগের দিন ৩ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে পরাজয়ের কিনারায় ঠেলে দেওয়া রায়ান হ্যারিস কাল আরও দুই উইকেট তুলে নিয়েছেন। প্রথম ইনিংসে অভিষেকেই ৫ উইকেট নেওয়া নাথান লায়নের প্রাপ্তি এবার মাত্র ১ উইকেট।গলের উইকেটটা ব্যাটিং-সহায়ক ছিল না মোটেও। তবে শ্রীলঙ্কার পক্ষে টেস্টে সর্বাধিক রানের মালিক তাঁর জাতটা চেনালেন আসল সময়েই। ম্যাথুসের সঙ্গে জয়াবর্ধনের ১৪২ রানের জুটিটা যখন চিন্তার ভাঁজ ফেলছিল ক্লার্কের কপালে, সেই সময় হ্যারিসই উদ্ধার করেছেন। সেঞ্চুরির পরপরই ফেরান জয়াবর্ধনেকে। ২৯তম সেঞ্চুরির পথে জয়াবর্ধনে একেবারেই জমে গিয়েছিলেন উইকেটে। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হয়েছেন ম্যাথুস। পন্টিংয়ের মতো ক্লার্কেরও পূর্ণকালীন অধিনায়কত্বের শুরুটা হলো গলে জয় দিয়ে। এখন দেখা যাক, পন্টিংয়ের মতো একটা অপরাজেয় দল গড়ে তুলতে পারেন কি না ক্লার্ক। এই জয়ের পর অবশ্য আত্মবিশ্বাসী হওয়ার কথা ক্লার্কের। কাল ম্যাচ শেষে বলছিলেনও, ‘এটা অধিনায়ক হিসেবে আমার প্রথম টেস্ট ছিল। ফলে খুব রোমাঞ্চিত ছিলাম। শুরু থেকেই আমরা যেভাবে খেললাম, তা এক কথায় দুর্দান্ত। বিশেষ করে অভিষিক্তরা এই জয়ে দারুণ অবদান রেখেছে। এটা সত্যিই স্পেশাল।’চার দিন পুরো হওয়ার আগেই ম্যাচ শেষ হয়ে যাওয়া মানে এই টেস্টে বোলারদেরই ছিল দাপট। এরই মধ্যে প্রথম ইনিংসে ৯৫ রানের ইনিংসটার জন্য ম্যাচসেরা হয়েছেন মাইক হাসি। ওয়েবসাইট।