পন্টিংয়ের কারণেই ক্যাটিচ বাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনটা হতোই। গ্রেগ চ্যাপেল যখন নির্বাচক, আজ হোক-কাল হোক সিনিয়র ক্রিকেটারদের গর্দানে কোপ পড়তই। সেটা পড়েছেও। গত দুই বছরে টেস্টে ৪৮.০৯ গড়ে রান তোলা সাইমন ক্যাটিচের জায়গা হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার ২৫ জন চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকায়। এ নিয়ে অস্ট্রেলিয়ায় সমালোচনা হচ্ছেই। এবার মুখ খুললেন রিকি পন্টিংও। বিশ্বকাপের পরপরই নেতৃত্ব ছেড়ে দেওয়া পন্টিং জানালেন, এই সিদ্ধান্তে তিনি বিস্মিত।ক্যাটিচ নিজে সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলেছেন। আর তাঁর এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়াকে স্বাভাবিক বললেন পন্টিং, ‘সংবাদ সম্মেলনে ও মনের মধ্যে কথা লুকিয়ে রাখেনি। ঠিকই করেছে। আসলে চুক্তির তালিকা থেকে বাদ পড়াটা ওর জন্য ছিল বিরাট বিস্ময়। আমি নিজেও বিস্মিত। ওর নাম না থাকায় আমি চমকে গেছি।’কেন চমকেছেন সেই ব্যাখ্যাও দিলেন, ‘গত দু-তিন বছরে বিশ্বের আর যে কারও তুলনায় ওর পারফরম্যান্স ভালোই ছিল।’ টেলিভিশন সাক্ষাৎকারে এসব কথা বলার ফাঁকে টেস্টে ১২ হাজার ৩৬৩ রানের মালিককে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কি নির্বাচকদের সমালোচনা করছেন? পন্টিং অকপটে স্বীকার করেছেন, ‘হ্যাঁ, আপনারা চাইলে সেটা অবশ্যই বলতে পারেন।’দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে পন্টিং নিজেও তাঁর জায়গা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন কিনা, কে জানে। ‘গুরু গ্রেগ’ আছেন যখন, ভোগাই স্বাভাবিক। পন্টিংও মানছেন, ‘মাইক হাসি ও আমি—আমরা যারা ৩৬ বছর বয়সী, তাদের এখন বেশি করে চোখে পড়বে। বোঝাই যাচ্ছে, আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে। আমি তো অবশ্যই চাই, দলে আমার আশপাশে আরেকজন বুড়ো খেলোয়াড় থাকুক। তবে কোনো তরুণ এসে যদি জায়গাটা দখল করতে পারে, সেটা তো দলের জন্য ভালোই।’পন্টিং এমন সময় এসব কথা বলছেন যখন দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ শেন ওয়ার্ন। ইংল্যান্ডে ধারাভাষ্য দিতে আসা অস্ট্রেলীয় সাবেক স্পিনার বলছেন, গত দুই বছরে ৩৮ গড়ে রান করা পন্টিংকে রেখে ৪৮ গড়ে রান করা ক্যাটিচকে বাদ দেওয়ার একটাই কারণ, ক্যাটিচের ওপর কোপটা দেওয়া সহজ ছিল নির্বাচকদের জন্য, ‘রিকি পন্টিংয়ের চেয়ে সাইমন ক্যাটিচকে বাদ দেওয়া অনেক সহজ। আমার ধারণা, ওরা এখন পন্টিংয়ের সঙ্গে যেটা করছে, সেটা হলো, দেখা যাক নেতৃত্ব ছাড়া ও কেমন করে। হয়তো পন্টিংকে আরও কিছুদিন নেড়েচেড়ে দেখা হবে। তবে তুমি যদি পারফর্ম না-ই করতে পারো, হাত তুলে আত্মসমর্পণ করে বলো, “ভাই আর পারছি না, এবার অবসর নেব।”ওয়ার্নের শেষ পরামর্শটি নিশ্চয়ই ভালো লাগেনি পন্টিংয়ের! ওয়েবসাইট, এএফপি।