পন্টিংয়ের চারে ওয়াটসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগের অবসানে নতুন যুগের সূচনা হলেও পুরোপুরি নতুন ঠিক বলা যাচ্ছিল না। ওই যুগের এক প্রতিনিধির পদচারণ ছিল যে এই যুগেও! সেই প্রতিনিধিও অবশেষে বিদায় নিয়েছেন। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে হোবার্ট টেস্ট দিয়েই তাই সত্যিকার অর্থেই শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের নতুন যুগ। রিকি পন্টিং-উত্তর অস্ট্রেলিয়ার যাত্রা শুরু হচ্ছে পন্টিংয়ের মাঠেই!নতুন অস্ট্রেলিয়া পূর্বসূরিদের গৌরবের পতাকা কতটা উঁচুতে তুলে নিতে পারবে, সময়ের হাতেই সেই উত্তর। আপাতত আগ্রহ, পন্টিংয়ের জায়গায় ব্যাট করবেন কে? পন্টিংয়ের জায়গা বলতে এমনিতে তিন নম্বরই বোঝায়। ক্যারিয়ারের ২৮৭ ইনিংসের ১৯৬টিতেই তিনে ব্যাট করেছেন পন্টিং, একরকম তিন নম্বরের প্রতীকই হয়ে উঠেছিলেন। তবে গোধূলিবেলায় ব্যাট করছিলেন চার নম্বরে। পন্টিংয়ের পর চার নম্বরের গুরুদায়িত্ব কাকে দেওয়া হবে, এটা নিয়ে গুঞ্জন ছিল পন্টিংয়ের অবসর ঘোষণার পর থেকেই। উত্তর মিলেছে কাল। শেন ওয়াটসন জানিয়ে দিয়েছেন, ‘আমিই চার নম্বর।’এটা অবশ্য খুব বড় চমক নয়। সাধারণ হিসাবও বলছিল এটাই। চোটপ্রবণ ওয়াটসনের নিয়মিত অনুপস্থিতির সুযোগে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের জায়গায় মোটামুটি স্থায়ী ডেভিড ওয়ার্নার ও এড কাওয়ান। আর কোচ মিকি আর্থার আগেই ঘোষণা দিয়েছিলেন, পন্টিংয়ের অবসরে দলে যে সুযোগ পাবেন, তাঁকে খেলানো হবে তিনে। সরল হিসাবেই তাই ওয়াটসনের জায়গা হয় চারে। তবে মাইকেল ক্লার্ককে চারে আর মাইক হাসিকে পাঁচে খেলিয়ে ওয়াটসনকে ছয়ে খেলানোর একটা গুঞ্জনও ছিল। কিন্তু আর্থার ওয়াটসনকে চান জ্যাক ক্যালিসের ভূমিকায় দেখতে। ক্যালিসের মতো দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে এবং বল হাতে নিজেকে নিংড়ে দিতে। আর চার নম্বর মানে দলের ব্যাটিং নির্ভরতার প্রতীকও। ক্যালিসের মতোই তাই ওয়াটসনকে দেওয়া হচ্ছে চার নম্বরের দায়িত্ব। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেলের ধারণা, ওপেনিংই ওয়াটসনের আসল জায়গা। চারে নেমে শুরুতেই ভালো মানের স্পিন খেলতে সমস্যা হবে ওয়াটসনের। তবে গত কিছুদিন ওপেনিং আর তিন নম্বরের টানাটানিতে ওয়াটসন নিজে যথেষ্ট বিরক্ত। ব্যাটিং-অর্ডারে একটা নির্দিষ্ট জায়গা পেয়েই এই অলরাউন্ডারের কণ্ঠে ছিল স্বস্তি, ‘আমার ধারণা, পাকাপাকিভাবেই আমাকে চারে রাখা হবে। অন্তত আশা করি! ওপেনিংটা আমি উপভোগ করেছি। তবে ওপেন করতে হওয়ায় আমি বেশি বোলিং করতে পারছিলাম না। আশা করি চার নম্বর পজিশন আমার সঙ্গে মানিয়ে যাবে।’ টেস্টে চার ও পাঁচ নম্বরে কখনো ব্যাটিং করেননি ওয়াটসন। তবে চার নম্বর পজিশন তাঁর কাছে একেবারে অপরিচিতও নয়। প্রথম শ্রেণীর ক্যারিয়ার শুরু করেছিলেন চারে খেলেই, চারে খেলেই সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে। প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান (২০৩*) চারে ব্যাট করেই। ওয়াটসনের বিশ্বাস, ওই অভিজ্ঞতাই টেস্টে সাহায্য করবে তাঁকে।হোবার্ট টেস্ট অস্ট্রেলিয়ান ক্রিকেটে সত্যিকারের নতুন যুগের সূচনা, লঙ্কানদের জন্য এই সিরিজটা আবার একটি যুগের আক্ষেপ ঘোচানোর মিশন। সিরিজ জয় তো বহুদূর, অস্ট্রেলিয়ায় কখনো টেস্টও জিততে পারেনি শ্রীলঙ্কা। ১০ টেস্টের আটটিতেই হেরেছে। দলের চার সিনিয়র মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশান ও থিলান সামারাবীরার সম্ভাব্য শেষ অস্ট্রেলিয়া সফর এটাই। সাঙ্গাকারার কণ্ঠে তাই আক্ষেপ ঘোচানোর আকাঙ্ক্ষা, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লোকে পেছনে ফিরে অর্জনগুলোর দিকে তাকায়। আমরা এখনো অস্ট্রেলিয়া ও ভারতে টেস্ট জিতিনি। এই সিরিজে আমাদের “ওল্ড ব্রিগেডের” জন্য এটাই অনুপ্রেরণা।’সাঙ্গাকারাদের আক্ষেপ ঘুচবে, নাকি নতুন অস্ট্রেলিয়ায় যাত্রাও শুরু হবে পূর্বসূরিদের মতো দাপটে? ওয়েবসাইট।