পন্টিংয়ের জায়গায় হিউজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোবার্ট টেস্টে তাঁর থাকার কথা ছিল না। পার্থেই বিদায় নিয়েছেন। তার পরও অস্ট্রেলিয়ার পরের টেস্টেই ‘থাকছেন’ রিকি পন্টিং। হোবার্ট যে তাঁর হোমগ্রাউন্ড। ১৪ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এখানে অস্ট্রেলিয়ার তিন টেস্ট সিরিজ শুরু হওয়ার সময় পন্টিংকে বিদায় সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট তাসমানিয়া। টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতির সময় বেলেরিভ ওভাল মাঠে ‘ল্যাপ অব অনার’ দেবেন পন্টিং।নাড়িপোঁতা মাঠ হলেও এমনিতে বেলেরিভ ওভালের সঙ্গে তাঁর সম্পর্কটা অম্লমধুর। এ মাঠে প্রথম তিন টেস্ট ইনিংসের দুটিতেই ‘ডাক’ মেরেছিলেন পন্টিং। অবশ্য এই মাঠেই আবার ২০৯ রানের একটা ইনিংসও আছে তাঁর। তবে পরিসংখ্যান যেমনই হোক, নিজের ‘হোমগ্রাউন্ডে’র প্রতি আলাদা ভালোবাসা সবারই থাকে। এখানকার দর্শকেরও আছে পন্টিংয়ের ওপর আলাদা দাবি। সেই দাবির টানেই আসছেন পন্টিং। ক্রিকেট তাসমানিয়ার প্রধান টনি হ্যারিসন বলেছেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে খেলেছে এমন ব্যাটসম্যানদের মধ্যে ডন ব্র্যাডম্যানের পরেই পন্টিংয়ের অবস্থান। আমরা অনেক দিন ধরেই তাসমানিয়ার হোমগ্রাউন্ডে তাঁর ক্যারিয়ারের প্রতি একটা সম্মাননা জানাতে চেয়েছিলাম। রিকি আমাদের খেলাটার একটা আইকন, ক্রিকেট খেলতে চায় এমন তাসমানিয়ানদের জন্যও আইকন, আইকন ক্রিকেট অনুসারীদের জন্যই।’হোবার্ট টেস্টে থাকার সুবাদে পন্টিং একেবার কাছে থেকেই দেখতে পারবেন তাঁর ‘উত্তরসূরি’ ফিল হিউজ কেমন করেন। পন্টিংয়ের রেখে যাওয়া শূন্যতা পূরণে শেষ পর্যন্ত হিউজকেই আরেকটা সুযোগ দিয়েছে নির্বাচকেরা। এর আগে ১৭ টেস্ট খেলা হিউজ এটিকে দেখছেন তাঁর ক্যারিয়ারের নতুন শুরু হিসেবে। বয়স মাত্র ২৪ বলে এই বাঁহাতির জন্য দলে জায়গা পাকা করার যথেষ্ট সুযোগ থাকছে। হিউজকে দলে রেখেই প্রথম টেস্টের দল ঘোষণা করেছেন নির্বাচকেরা।অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, এড কাওয়ান, ফিল হিউজ, মাইক হাসি, ম্যাথু ওয়েড, পিটার সিডল, মিচেল জনসন, মিচেল স্টার্ক, বেন হিলফেনহস ও নাথান লায়ন।