পন্টিংয়ের দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল এখনো ভারতে, বিশ্রাম পাওয়া রিকি পন্টিং ফিরে গেছেন দেশে। হঠাৎ পাওয়া অবসরটুকু উপভোগ করারই কথা অস্ট্রেলীয় অধিনায়কের। তবে সদ্য সমাপ্ত ভারত সিরিজটার কথা মনে পড়লে হয়তো নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে পন্টিংয়ের। অধিনায়কত্বের এমন উজ্জ্বল রেকর্ড অথচ ভারতের মাটিতে একটা টেস্টও জেতা হলো না! ভারতের মাটিতে ৭ টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে হেরেছেন পাঁচটিতেই, ড্র হয়েছে দুটি ম্যাচ। অধিনায়ক হিসেবে আবার ভারতে টেস্ট খেলতে আসার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়, রেকর্ডটা তাই এমন থাকার সম্ভাবনাই বেশি। তবে পন্টিং সান্ত্বনা পেতে পারেন আর কয়েকজনকে দেখে। কোনো দেশে সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দিয়ে একটিও জয় না পাওয়ার রেকর্ডটি মাইক গ্যাটিংয়ের। অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি গ্যাটিংকে হয়তো আরও বেশি কষ্ট দেয় রেকর্ডটি নিজ দেশে হয়েছে বলে। ইংল্যান্ডের মাটিতে ১১ টেস্টে নেতৃত্ব দিয়েও জয়শূন্য গ্যাটিং। গ্যাটিংয়ের কষ্ট ভালো বুঝবেন ডাডলি নার্স। দক্ষিণ আফ্রিকান গ্রেট দেশের মাটিতে ১০ টেস্টে নেতৃত্ব দিয়ে জেতেননি একটিও।