পন্টিংয়ের নতুন চ্যালেঞ্জ
১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, খেলেছেন ৫৫৬টি ম্যাচ। ক্রিকেট-বিশ্বের খুব কম মাঠই আছে, যেখানে রিকি পন্টিংয়ের পা পড়েনি। কিন্তু ডমিনিকার উইন্ডসর পার্কে খেলতে নামছেন আজই প্রথম। প্রায় দেড় যুগের পথচলার শেষটাও হতে পারত এখানেই। ভারত সিরিজের পর ব্যাটে আবারও রান-খরা, এই সিরিজ শেষে আবার দীর্ঘ বিরতি। গুঞ্জন শোনা যাচ্ছিল, ডমিনিকা টেস্টই হতে পারে রিকি পন্টিংয়ের শেষ!গুঞ্জন গুঞ্জনই থাকল। ওয়ানডে দলে জায়গা হারানোর পর যেমন বলেছিলেন, পন্টিংয়ের কণ্ঠে এখনো সেই একই কথা। ক্রিকেট-তৃষ্ণা এখনো মেটেনি। চালিয়ে যাবেন যত দিন এই তৃষ্ণা থাকে। বিরতিটাকে কাজে লাগাবেন নিজেকে আরও শাণিয়ে নিতে। গত ফেব্রুয়ারিতে ওয়ানডে দলে জায়গা হারানোর পর এটাকেই মনে করা হচ্ছিল পন্টিংয়ের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জুনে ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া, সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শ্রীলঙ্কায়। কিন্তু পন্টিং তো এখন শুধুই টেস্ট ক্রিকেটার! এই সিরিজের পর আবার টেস্ট সিরিজ ছয় মাস পর। নভেম্বরে দক্ষিণ আফ্রিকা আসবে অস্ট্রেলিয়ায়। বাইরে থাকার সময়টায় নিজেকে ফিট রাখার ব্যাপার আছে, আছে একাগ্রতা ধরে রাখার ব্যাপার। বয়স তো পক্ষে নেই-ই (৩৭), আগের চার ইনিংসে রান করেছেন মাত্র ৭৬। অবসরের আলোচনা তাই ডালপালা মেলছিল।কিন্তু এসব আলোচনাকে পাত্তাই দিলেন না পন্টিং, ‘খেলাটার প্রতি আমার ভালোবাসা, আবেগ ও সাফল্যের আকাঙ্ক্ষা এখনো তীব্র। কয়েক মাস আগে, যখন খুব কঠিন সময় যাচ্ছিল, তখনো আমি চাইছিলাম আর অনেক দিন খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে। এখনো আমি কিছু অর্জন করতে চাই, অস্ট্রেলিয়ার জয়ের অংশীদার হতে চাই। যত দিন আমি ভাবছি যে অস্ট্রেলিয়ার হয়ে অবদান রাখার সামর্থ্য আছে, তত দিন খেলে যাব। আমি এখনো আগের মতোই উপভোগ করছি, যেকোনো সময়ের চেয়ে বেশি পরিশ্রম করছি।’তবে সামনের সময়টা আসলেই কঠিন হবে পন্টিংয়ের জন্য। ১৯৯৫ সালে আন্তর্জাতিক অভিষেকের পর এত লম্বা বিরতির অভিজ্ঞতা যে আর কখনো হয়নি! তবে সাবেক অধিনায়ক খুব একটা বিচলিত হচ্ছেন না। সময়টা কাজে লাগাতে চান খুব পরিকল্পিতভাবে, ‘গত প্রায় ২০ বছরে এত লম্বা বিরতি পাইনি, ব্যাপারটা একটু অস্বস্তিকরই। তবে এমন একটা বিরতি যে আসছে, সে তো আগে থেকেই জানতাম। বিরতিটা বিচক্ষণতার সঙ্গে কাজে লাগাতে চাই। তাসমানিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে খেলব, ছেলেদের সঙ্গে একটু বেশি সময় কাটাব। শারীরিক ও মানসিকভাবে নিজেকে ফিট রাখতে চেষ্টা করব।’ ওয়েবসাইট।