পন্টিংয়ের পাশে হিলডিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট থেকে ফেরার পর ঝামেলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না তাঁর। বিশ্বকাপে ৫ ইনিংসে মাত্র ১০২ রান। নিজের মেজাজও নিয়ন্ত্রণে রাখতে পারছে না প্রায়ই। সাবেক নির্বাচক জন বেনো সরিয়ে দিতে বলেছেন অধিনায়কের পদ থেকে। বলা হচ্ছে গত দুটি বিশ্বকাপজয়ী অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিংয়ের কথা।তবে অস্ট্রেলীয় নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অ্যান্ড্রু হিলডিচ জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের পরও অধিনায়ক থাকছেন পন্টিং। জন বেনো অবশ্য হিলডিচকেও চেয়ারম্যান পদ থেকে সরে যেতে বলেছিলেন। হিলডিচ তো তা করার কথা ভাবছেনই না, বরং অস্ট্রেলিয়াকে আবার আগের সেই দিনে ফিরিয়ে নিতে পন্টিংয়ের বড় ভূমিকা দেখছেন।হিলডিচ মনে করেন, পন্টিংয়ের আরও অনেক দিন খেলে যাওয়ার ক্ষমতা আছে। অস্ট্রেলিয়ার এক পত্রিকার কাছে ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘অনেকেই ঠিক সময়ে খেলা ছেড়ে দেয়, অনেকে ছাড়ে না। কেউ যদি সারা জীবন খেলে যেতে চায়, কোনো না-কোনো সময় নির্বাচককে কঠোর সিদ্ধান্ত নিতেই হয়। তবে বাস্তবতা হচ্ছে, আমি রিকিকে দেখেছি আর দেখছি সে কীভাবে খেলছে। সে এখনো আমাদের সেরা ফিল্ডার। তাঁর বয়স ৩৬, এটা অবিশ্বাস্য! সে দেখতে এখনো তরুণ এবং ফিট, সত্যিই অবিশ্বাস্য।’ বিশ্বকাপ জিততে হলে পন্টিংকেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে বলে বিশ্বাসী হিলডিচ বলেছেন, ‘রিকি অসাধারণ, এই বিশ্বকাপেও ও আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের (বিশ্বকাপ) জিততে হলে ওকে ভালো খেলতেই হবে। বড় ম্যাচে ওর ইতিহাসটা দেখুন না!’ ওয়েবসাইট।