পন্টিংয়ের বিকল্প সন্ধানে অস্ট্রেলিয়া
২৭ হাজার ৪৮৩ রান। ৭১টি সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে যাঁর এমন রেকর্ড, তাঁর শূন্যতা সহজে পূরণ হতে পারে না। পার্থ টেস্ট দিয়ে রিকি পন্টিং অধ্যায়ের সমাপ্তি ঘটল। পন্টিংয়ের রেখে যাওয়া জুতা এখন কার পায়ে গলে, সেটাই দেখতে চায় অস্ট্রেলিয়া। দীর্ঘ সময় দলের তিন নম্বর ব্যাটসম্যান ছিলেন। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটিই হলো এই তিন নম্বর। শেষের দিকে অবশ্য চারে খেলেছেন। যদিও অস্ট্রেলিয়া পন্টিংয়ের উত্তরসূরি হিসেবে একজন যোগ্য তিন নম্বর ব্যাটসম্যানই খুঁজছে। আপাতত অস্ট্রেলিয়ার সামনে বিকল্প হলো শেন ওয়াটসনকে চারে নামিয়ে দেওয়া। সে ক্ষেত্রে তিনে খেলবে কে? জায়গাটির জন্য কারও নাম অবশ্য কোচ মিকি আর্থার সুপারিশ করেননি। তবে রব কুইনি, ফিল হিউজ ও উসমান খাজারা আছেন দখল নেওয়ার লড়াইয়ে। আর্থার বলেছেন, ‘কারও নাম বলতে চাই না। তবে দলে যে আসবে, তাকে সম্ভবত তিনেই খেলতে হবে। সে ক্ষেত্রে ওয়াট্টো (ওয়াটসন) নেমে যাবে চারে। এটাকেই মনে হচ্ছে সঠিক সিদ্ধান্ত, যেটি আমাদের একটা স্থিতি এনে দেবে।’এক বছর ধরে দলের বাইরে থাকা হিউজ অস্ট্রেলিয়ার হয়ে এরই মধ্যে ১৭টি টেস্ট খেলে ফেলেছেন। ৩৪.৫৮ গড়ে ১০৭২ রান আছে তাঁর। ৬ টেস্ট খেলা খাজাও তাঁর ঘরোয়া ক্রিকেটের ফর্ম আন্তর্জাতিক ম্যাচে টেনে আনতে পারেননি (৬ টেস্টে ২৬৩ রান)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত সিরিজেই অভিষিক্ত কুইনি ব্রিসবেনে ৯ রান করার পর অ্যাডিলেডে পেয়ার পেয়েছেন। তারই মূল্য চুকিয়ে বাদ পড়েছেন পার্থে।ফলে পন্টিংয়ের যোগ্য বিকল্প হিসেবে এখনো কাউকে খুঁজে পাচ্ছে না অস্ট্রেলিয়া। দ্বিধা যে আছে, সেটা আর্থারের কথাতেই পরিষ্কার, ‘আমাদের ভাবনায় আছে, কে হবে সেই যোগ্য ব্যক্তি। তবে নির্বাচক কমিটির পক্ষ থেকে আমাদের এখনো অনেক আলোচনা করতে হবে।’ সিদ্ধান্তটা এই সোমবারেই নেওয়া হবে বলে জানিয়েছেন। কারণ, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ বেশি দূরে নয়। ১৪ ডিসেম্বর হোবার্টে শুরু হচ্ছে তিন টেস্টের সিরিজ।এদিকে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম পন্টিংয়ের চূড়ান্ত বিদায়ে যে শোক জানাবে, সেই সুযোগই পায়নি। দলের শোচনীয় পরাজয়েই কাতর। ৩০৯ রানের এই বিশাল হারে টানা দ্বিতীয়বারের মতো নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। এই পরাজয়কে ‘পর্বতপ্রমাণ’ ব্যর্থতা বলেছে দ্য অস্ট্রেলিয়ান। পন্টিংয়ের যে আরও ভালো বিদায় প্রাপ্য ছিল, সেটাই মনে করিয়ে দিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড। এএফপি।