পন্টিংয়ের রেকর্ড ভাঙা ল্যানিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেগ ল্যানিং
মেগ ল্যানিং

বাবা-মা অস্ট্রেলিয়ান। তাঁদের চাকরির সুবাদে মেগ ল্যানিংয়ের জন্ম সিঙ্গাপুরে। সেখানেই বেড়ে ওঠা। মা-বাবার সঙ্গে একসময় চলে আসেন মেলবোর্ন। একটু বড় হতেই ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলা শুরু মেলবোর্নের বাড়ির পাশে। ১৬ বছর বয়সে আন্তর্জাতিক অভিষেক। আর ২২ বছর বয়সে তো তিনি অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটে খ্যাতির চূড়ায়। জিতেছেন বেলিন্ডা ক্লার্ক পুরস্কার। এখন তো অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়কত্ব নিয়ে বাংলাদেশে, যে সফরটা তাঁর কাছে বড় এক চ্যালেঞ্জ।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ এবার অস্ট্রেলিয়ার সামনে। নিয়মিত অধিনায়ক জোডি ফিল্ডস চোটের কারণে ছিটকে যাওয়ায় নেতৃত্ব বর্তেছে ল্যানিংয়ের কাঁধে। তবে তাঁর বিশ্বকাপ-যাত্রার শুরু নিউজিল্যান্ডের কাছে হার দিয়ে। পরশু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে অবশ্য ল্যানিং শিরোপা লড়াইয়ে ফিরিয়ে আনলেন অস্ট্রেলিয়াকে।

আত্মবিশ্বাসও তাই বেড়েছে অনেক। সেটি প্রকাশ করলেন কাল সকালে সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলন শেষে। এমনিতেই আইসিসির টুর্নামেন্ট বলে খেলোয়াড়দের কাছাকাছি যাওয়ার সুযোগ মিলছে না। নিরাপত্তার নানা স্তর পেরিয়ে অবশেষে অনুশীলন শেষে কয়েক মিনিটের জন্য পাওয়া গেল ল্যানিংকে। টিম বাসে ওঠার তাড়ার মধ্যেই বলে গেলেন তাঁর নিজের ও দলের নানা বিষয় নিয়ে।

ল্যানিংয়ের ২২তম জন্মদিন গেল গত পরশু ২৫ মার্চ। জন্মদিনটা মাঠে উপভোগও করেছেন। জয় নিয়ে হোটেল ফিরে আনন্দ করেছেন সবাই মিলে। সেই রেশটা ছিল পরদিন সকালেও, ‘জন্মদিনে পরিবারের সদস্যদের মিস করেছি। তবে এখানে সবাই মিলে শুভেচ্ছা জানিয়েছে আমাকে। সময়টা তাই আর খারাপ কাটেনি।’

সিলেটে এসে সবকিছুই ভালো লাগছে তাঁর। মাঠ, পিচ সবকিছুরই প্রশংসা করলেন দরাজ কণ্ঠে। তবে মনের মধ্যে কেবলই টি-টোয়েন্টির হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন, ‘আমরা আগের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন। আশা করছি, বাংলাদেশ থেকে শিরোপাটা নিয়ে যেতে পারব। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেয়েরা সবাই উজ্জীবিত। এটা ধরে রাখাই এখন আমাদের মূল লক্ষ্য।’

এই যাত্রায় ব্যাট হাতে অগ্রণী ভূমিকা নিতে চান উদ্বোধনী ব্যাটার ল্যানিং। আগের দুই ম্যাচে ২ আর ৬ রান করেছেন। তবে সেরাটা হয়তো তুলে রেখেছেন সামনের ম্যাচগুলোর জন্য। তাঁর ঝুলিতে আছে বেশ কিছু রেকর্ড। তার মধ্যে একটি তো আলোড়ন তোলা। নারী ক্রিকেটার বলে প্রচার পান না সেভাবে, তবে অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসে পুরুষ-মহিলা দুই বিভাগেই সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক সেঞ্চুরিয়ান (১৮ বছর ২৮৮ দিন, ইংল্যান্ডের বিপক্ষে ১৪৮ বলে অপরাজিত ১০৩) এই ল্যানিংই! রিকি পন্টিং ২১ বছর ২১ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে (১৯৯৬ মেলবোর্ন, ১২৩), যেটি ছিল আগের আগের অস্ট্রেলীয় রেকর্ড।

রেকর্ড নিয়ে ভাবছেন না ল্যানিং। টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে টানা পাঁচ ইনিংসে ৩০-এর বেশি রান করেছেন, টি-টোয়েন্টির প্লেয়ার অব দ্য ইয়ার, এসবও ডানহাতি ব্যাটারের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে না। আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার বলছেন, ‘এটা আমার কাছে বড় কোনো বিষয় নয়। আমি শুধুই খেলায় মনোযোগ রাখছি এবং দলকে চ্যাম্পিয়ন করাই আমার ধ্যানজ্ঞান।’

ল্যানিং এই টুর্নামেন্টে কাউকেই একক ফেবারিট দেখেন না। তবে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের কথা বললেন আলাদা করে। এই দলগুলোর সম্ভাবনা অন্যদের চেয়ে একটু বেশি বলে তাঁর ধারণা। নিজের দলকেও রাখছেন শিরোপাদৌড়ে।

সিঙ্গাপুর প্রসঙ্গ এলে একটু আপ্লুত দেখায় অস্ট্রেলিয়ান অধিনায়ককে, ‘সিঙ্গাপুরে আমার জন্ম। তাই আমি সিঙ্গাপুরের কথা কখনো ভুলি না। তবে একজন গর্বিত অস্ট্রেলিয়ান হয়েই খেলে যেতে চাই ক্রিকেট। অস্ট্রেলিয়ার সাফল্যই আমার সাফল্য।’

এই না হলে অধিনায়ক!