টেস্ট সেঞ্চুরির রেকর্ডে কাল শচীন টেন্ডুলকারের আরেক ধাপ কাছে যাওয়া হয়নি রিকি পন্টিংয়ের। তবে এগিয়েছেন টেন্ডুলকারের হাফ সেঞ্চুরি সংখ্যার দিকে। চিন্নাস্বামীতে কালকের ৭৭ পন্টিংয়ের ৫৪তম টেস্ট ফিফটি, টেন্ডুলকারের ফিফটি ৫৭টি। হাফ সেঞ্চুরির রেকর্ডটি কিন্তু টেন্ডুলকারের নয়, লিটল মাস্টারের আগে আছেন আরও দুজন। ৬৩ ফিফটি নিয়ে সবার ওপরে অ্যালান বোর্ডার, একসময় যিনি ছিলেন টেস্ট ক্রিকেটের সবচেয়ে বেশি রানের মালিক। ৫৯টি হাফ সেঞ্চুরি করে সাবেক অস্ট্রেলিয়া অধিনায়কের ঠিক পরেই রাহুল দ্রাবিড়। ৫৪টি ফিফটি করে পন্টিংয়ের সঙ্গে যৌথভাবে চারে আছেন শিবনারায়ণ চন্দরপল। কালকের আগে পন্টিং ছিলেন জ্যাক ক্যালিসের সঙ্গী। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারের ফিফটি ৫৩টি। টেস্টে ফিফটির ফিফটি আছে আর একজনেরই। ঠিক ৫০টি ‘৫০’ করেছেন স্টিভ ওয়াহ। হাফ সেঞ্চুরির রেকর্ডটি শেষ পর্যন্ত বোর্ডারের থাকবে না যেমন নিশ্চিত, তেমনই অনিশ্চিত রেকর্ডটি কার হবে। বোর্ডার ও ওয়াহ ছাড়া ফিফটির ফিফটি করা বাকি সবাই যে এখনো খেলছেন!