বিসিবি ও আইসিসি দ্বিতীয় বিপিএলে ৯ জনের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ আনলেও ট্রাইব্যুনালের রায়ে শাস্তি দেওয়া হয়েছে মাত্র চারজনকে।‘খালাস’ পেয়ে গেছেন বাকি সবাই।ট্রাইব্যুনাল সংক্ষিপ্ত রায় ঘোষণার পরই এ ব্যাপারে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়েছিল বিসিবি ও আইসিসি।অবশেষে গত পরশু ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করারও ঘোষণা দিয়েছে তারা।
বিসিবি ও আইসিসি প্রথমে আপিল করতে পারবে বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান সাবেক বিচারপতি আবদুর রশিদের কাছে। এর পরও রায়ে সন্তুষ্ট না হলে তারা যেতে পারে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। বিসিবি ও আইসিসির আপিল করা নিয়ে কোনো প্রশ্ন নেই। রায়ে সন্তুষ্ট না হলে সেটা করার অধিকার আছে সব পক্ষেরই।প্রশ্ন হলো দ্বিতীয় বিপিএলে যে ইয়ান পন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাইব্যুনাল, ঢাকা গ্ল্যাডিয়েটরসের সেই কোচের পক্ষে আইসিসির সাফাই গাওয়া নিয়ে। পরশুই আলাদা একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আইসিসি বলেছে, বিপিএলের ফিক্সিং তদন্তে ঢাকা গ্ল্যাডিয়েটরসের কোচ ইয়ান পন্ট আইসিসির নিারপত্তা ও দুর্নীতিবিরোধী শাখাকে (আকসু) যথেষ্ট সাহায্য-সহযোগিতা করেছেন। তাঁর চরিত্রকে নাকি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আইসিসি বলেছে, ঢাকা গ্ল্যাডিয়েটরসের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী যে পন্টকে দুর্নীতির প্রস্তাব দিয়েছিলেন, সেটা তিনি সঙ্গে সঙ্গেই আকসু কর্মকর্তাদের জানিয়েছিলেন। বিপিএলে ফিক্সিংয়ের জন্য পন্টের বিরুদ্ধে ৬ হাজার ডলার ঘুষ গ্রহণের অভিযোগের ব্যাপারে আইসিসির ব্যাখ্যা, ‘আকসুর পরামর্শেই টাকাটা গ্রহণ করেছিলেন পন্ট। কারণ ঢাকা গ্ল্যাডিয়েটরসের সঙ্গে চুক্তি অনুযায়ী এর চেয়ে বেশি অর্থ পাওয়ার কথা তাঁর। এমনকি চুক্তির পুরো টাকা এখনো হাতে পাননি পন্ট।’
এটাকে খুবই খোঁড়া যুক্তি মনে হচ্ছে কারণ, বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে চুক্তির টাকা পাননি অনেক ক্রিকেটারই। তাঁরাও যদি ফিক্সিং করার কথা বলে ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে টাকা আদায় করে নিতেন, সেটাকে কি সঠিক মনে করত আইসিসি! পন্ট ছিলেন দলের কোচ। তিনি কোনো ক্রিকেটারকে অন্যায় কিছু করতে বললে সেটা ওই ক্রিকেটার কোচের ‘নির্দেশ’ মনে করেও তো করতে পারেন! সে ক্ষেত্রে দোষটা কোচের হবে, না ওই খেলোয়াড়ের?
তা ছাড়া পন্ট যে আকসুর ‘এজেন্ট’ হিসেবে কাজ করেছেন, সেটি ট্রাইব্যুনালকে আগেই জানানো হলো না কেন? সুষ্ঠু তদন্ত এবং স্বচ্ছ্ব বিচারের স্বার্থে তো সেটাই করা উচিত ছিল। বিপিএল ফিক্সিংয়ের এত এত তথ্যপ্রমাণ ট্রাইব্যুনালকে সরবরাহ করা হলো, বাদ পড়ে গেল শুধু পন্টের ব্যাপারটিই! আর যদি পন্ট আকসুকে সময়ে সময়ে তথ্য দিয়ে সাহায্যই করবেন তাহলে ওই সময়ই কেন স্পট ফিক্সিং ঠেকানো হলো না? কেন বিনা বাধায় হয়ে গেল দুটি বিতর্কিত ম্যাচ?
আকসু প্রথমে যে ৯ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছিল তার মধ্যে ছিল না ইয়ান পন্টের নাম। কিন্তু ব্রিটিশ এই কোচও যে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকতে পারেন, এর জন্য ৬ হাজার ডলার ঘুষ নিয়েছেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে কিংবা পন্টের রুমেই যে ফিক্সিংয়ের সব নীলনকশা হয়েছে, সেগুলো আলোয় এসেছে অবসরপ্রাপ্ত বিচারপতি খাদেমুল ইসলামের ট্রাইব্যুনালে প্রাথমিক শুনানি চলাকালে। আকসুর কাছে তখন পন্টের ব্যাপারে ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। প্রশ্ন তোলেন, পন্টের বিরুদ্ধেও কেন স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনা হলো না। পন্টের পক্ষে এর পর থেকেই সাফাই গাওয়া শুরু আকসুর।
সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি ঢাকা গ্ল্যাডিয়েটরস কোচের পক্ষে যেসব বক্তব্য তুলে ধরেছে, এর আগে সেসব খোঁড়া যুক্তি তারা ট্রাইব্যুনালকেও দিয়েছে। বিজ্ঞপ্তিতে বাড়তি বলতে পারেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনের বক্তব্যটিকে। যেখানে তিনি বলেছেন, ‘ক্রিকেটের বিশুদ্ধতাকে তুলে ধরতে তিনি যা করেছেন, আইসিসি ও আকসুর পক্ষ থেকে তার জন্য আমি মি. পন্টকে ধন্যবাদ জানাই। মি. পন্টের মতো আরও মানুষ পেলে ক্রিকেটই লাভবান হবে।’