পপেস্কুর তিন বছরের জেল
বারবার শুনানি করে কালক্ষেপণই করতে পারলেন শুধু। বার্সেলোনার সাবেক অধিনায়ক ও রোমানীয় কিংবদন্তি গিওর্গি পপেস্কুকে শাস্তি পেতেই হলো। অর্থ জালিয়াতির অভিযোগে তিন বছর এক মাস ১০ দিনের জেল হয়েছে তাঁর।
পপেস্কু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ, ১৯৯৯ থেকে ২০০৫ পর্যন্ত ১২ জন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তির পুরো টাকা প্রকাশ করেননি। নেইমারের সঙ্গে বার্সেলোনা চুক্তি নিয়ে যেমন অভিযোগ উঠেছে। দেশের হয়ে ১১৫টি ম্যাচ খেলা পপেস্কুর সঙ্গে ওই জালিয়াতির ঘটনায় জড়িত ছিল স্থানীয় চারটি ক্লাব এবং রোমানিয়ার ফুটবল ফেডারেশনও। পপেস্কুর জেল হয়েছিল ২০১২ সালের প্রথম শুনানিতেই। তৃতীয় শুনানিতে সেটি বহাল আছে।
পরশু আদালত থেকে পপেস্কুকে বুখারেস্টের জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। ৪৫ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার দুই বছর খেলেছেন বার্সেলোনায়। জিতিয়েছেন কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা কাপ উইনার্স কাপ শিরোপা। তবে তাঁকে মানুষ বেশি মনে রেখেছে ১৯৯৪ বিশ্বকাপের কারণে। যুক্তরাষ্ট্র বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনাকে হারিয়ে রোমানিয়াকে নিয়ে গিয়েছিলেন কোয়ার্টার ফাইনালে।
সেই ম্যাচের পর গতকালই প্রথম আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল রোমানিয়া। কোথায় মাঠে বসে খেলা দেখবেন, পপেস্কু কিনা এই ম্যাচের আগের দিন জেলে! এএফপি।