পমার্সবাখ এবার জেলে
তাঁকে বলা যায় জেসি রাইডারের অস্ট্রেলীয় সংস্করণ। বরং আরও এক ধাপ এগিয়ে। অ্যালকোহলপ্রীতির পাশাপাশি রাইডারের ব্যাটিং-সামর্থ্যের কথাও জানে সবাই। কিন্তু ক্রিকেট বিশ্বে লুক পমার্সবাখের নাম বারবার উঠে এসেছে মূলত মাঠের বাইরের নানা দুষ্কর্মের জন্য। এবারও তা-ই। যুক্তরাষ্ট্রের এক মেয়েকে উত্ত্যক্ত ও তাঁর হবু স্বামীকে পেটানোর অভিযোগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অস্ট্রেলীয় ব্যাটসম্যানকে আটক করেছে দিল্লি পুলিশ। অভিযোগ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত বাঁহাতি ব্যাটসম্যানকে বহিষ্কার করেছেন ফ্র্যাঞ্চাইজির মালিক বিজয় মালিয়া।তদন্তকারী পুলিশ কর্মকর্তা কে সি দ্বিবেদী জানিয়েছেন, পরশু আইপিএলে দিল্লি ও বেঙ্গালুরুর ম্যাচের পর ওই দুজনের সঙ্গে দিল্লির হোটেলেই এক পার্টিতে দেখা পমার্সবাখের। এরপর তাঁরা পমার্সবাখের হোটেলরুমে যান পানীয় পানের জন্য। একপর্যায়ে মেয়েটি নিজের রুমে যেতে চাইলে পমার্সবাখ তাঁর পিছু নেন এবং উত্ত্যক্ত করেন। তাঁর হবু স্বামী এসে বাধা দিলে পমার্সবাখ তাঁকে পিটিয়ে আহত করেন। তাঁকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, রোগীর বাঁ কান দিয়ে ক্রমাগত রক্ত ঝরছিল। ভারতীয় দণ্ডবিধির চারটি ধারায় অভিযোগ আনা হয়েছে পমার্সবাখের বিরুদ্ধে।২০০৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে একটি টি-টোয়েন্টি খেলেছেন পমার্সবাখ। শেষ মুহূর্তে ব্র্যাড হজ চোট পাওয়ায় নামিয়ে দেওয়া হয়েছিল খেলা দেখতে আসা বাঁহাতি ব্যাটসম্যানকে। ২০০৯ সালে অল্পের জন্য জেলে যাওয়া থেকে বেঁচে গিয়েছিলেন অস্ট্রেলিয়াতেই। মাতাল হয়ে অনুমোদিত গতিসীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালানোর পর গ্রেপ্তার করতে আসা এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়েছিলেন সেবার। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দলেও একবার নিষিদ্ধ হয়েছিলেন ম্যাচের আগে শন মার্শের সঙ্গে সারা রাত পানীয় গিলে। এ ছাড়া মাদকসমস্যা ও বিষণ্নতার সঙ্গেও তাঁর দীর্ঘ লড়াইয়ের ইতিহাস আছে। এএফপি, ওয়েবসাইট।