পমার্সবাখ-কাণ্ডে সমঝোতা!
যথারীতি আরও একবার, যতটা গর্জেছে, ততটা বর্ষণ হলো না। লুক পমার্সবাখের বিরুদ্ধে অভিযোগ তুলে নিয়েছেন সেই মার্কিন তরুণী। আদালতের বাইরে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। দিল্লি হাইকোর্টে মামলা তুলে নেওয়ার শুনানি হওয়ার কথা আজ।সমঝোতার কথা নিশ্চিত করেছেন পমার্সবাখের আইনজীবী অজয় ভার্গব, ‘শান্তিপূর্ণ পথে ব্যাপারটার সমাধান হয়েছে। ঘটনাটা দুঃখজনক, বাজে একটা অধ্যায়। কোনো পক্ষই আর এটিকে টেনে নিতে চায় না।’ গত শুক্রবার জোহাল হামিদ নামের এক মার্কিন তরুণীকে উত্ত্যক্ত ও তাঁর হবু বরকে পিটিয়ে আহত করার অভিযোগে দিল্লি পুলিশ আটক করেছিল পমার্সবাখকে। পরে জামিনে মুক্তি পান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।ভার্গবের দাবি, এই সমঝোতায় অর্থকড়ির কোনো ব্যাপার ছিল না। তবে আদালতের বাইরে সমঝোতা বেশির ভাগ ক্ষেত্রে টাকাপয়সার মাধ্যমেই হয়। এ ক্ষেত্রেও সেটা হওয়ার সম্ভাবনাই বেশি। হয়তো মূল উদ্দেশ্য সফল হয়েছে ওই তরুণীর! তবে ঘটনা যা-ই হোক, আরও একবার নিজের ডেকে আনা বিপদ থেকে অল্পতেই বেঁচে গেলেন পমার্সবাখ। ওয়েবসাইট।