পরবর্তী দুই ম্যাচে থাকছেন না মেসি
স্প্যানিশ লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে নবাগত হারকিউলিসের কাছে ২-০ গোলে হেরে হোঁচট খেয়েছিল বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। তবে জয় পেলেও কিছুটা দুঃখ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সা খেলোয়াড়দের। খেলার শেষ মুহূর্তে গোড়ালিতে গুরুতর চোট পেয়ে মাঠ ছেড়েছেন মেসি। চোটের কারণে স্প্যানিশ লিগের পরবর্তী দুই ম্যাচ মাঠের বাইরেই কাটাতে হবে তাঁকে।স্প্যানিশ লিগে স্পোর্টিং গিজন ও অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামতে পারবেন না মেসি। তবে ২৯ সেপ্টেম্বর রাশিয়ার রুবিন কাজানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মেসি আবার মাঠে ফিরতে পারবেন বলে আশা করছে বার্সা কর্তৃপক্ষ।মেসি ও রোনালদোর মতো তারকা খেলোয়াড়দের জন্য রেফারিদের বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া উচিত—মেসির এই ইনজুরির ফলে স্পেনে আবার নতুন করে শুরু হয়েছে এই বিতর্ক। ‘প্রতিপক্ষের খেলোয়াড়েরা রোনালদোর গোড়ালিতে আঘাত করার সুযোগ খোঁজে’, অভিযোগ করে সম্প্রতি এই দাবি জানিয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো।—ওয়েবসাইট