পরবর্তী বিশ্বকাপ মেসির!
‘লিওনেল মেসি অবিশ্বাস্য রকম প্রতিভাধর। আমি ডিয়েগো ম্যারাডোনাকে দেখেছি, ওর বিপক্ষে খেলেছি। ডিয়েগোর চেয়েও ভালো ফুটবলার, বেশি ধারাবাহিক মেসি।’ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে এই মন্তব্য গ্যারি লিনেকারের।ইংল্যান্ড ও বার্সার সাবেক তারকা স্ট্রাইকার লিনেকার শুধু ম্যারাডোনার সঙ্গে মেসির তুলনাই করেননি, একই সঙ্গে একটা ভবিষ্যদ্বাণীও করেছেন। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপটা হবে মেসির!লিনেকার বলেন, ‘মেসি এখনো বিশ্বকাপ জেতেনি, যেটা ডিয়েগো জিতেছে। এই একটা বিষয় নিয়ে বিতর্ক থাকতে পারে। পরবর্তী বিশ্বকাপে মেসির যা বয়স হবে, ১৯৮৬ সালে একই বয়স ছিল ডিয়েগোর। আমার মন বলছে, মেসির সময়টাও আসছে।’লিনেকারের এই মেসি-বন্দনা গত রাতে এসি মিলানের বিপক্ষে বার্সার ৪-০ গোলে জয়ের পর। দলকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠানোর ম্যাচে প্রথম দুটি গোলই করেন মেসি। লিনেকার একা নন, মিলানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর মেসি-বন্দনায় মেতেছে গোটা ফুটবল বিশ্বই।ইতালি ও ইন্টার মিলানের সাবেক ডিফেন্ডার মারকো মাতেরাজ্জির প্রতিক্রিয়া, ‘ভিনগ্রহের একজনকে ওরা পেল কোথায়? মেসি মানুষ নয়।’মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক ‘মার্কা’ লিখেছে, ‘লিও আবারও নায়ক। পারফরম্যান্স দিয়ে সমালোচকদের জবাব দিলেন মেসি। মৌসুমের অন্যতম সেরা গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি ব্যর্থ হননি। সান সিরোতে দলের অন্যদের মতো তাঁরও খারাপ সময় কেটেছিল। তবে গত রাতে মেসির সঙ্গে গোটা দল জ্বলে উঠল।’জার্মান ক্রীড়া দৈনিক ‘কিকার’ লিখেছে, ‘মিলানকে বরফের মতো শীতল করলেন মেসি। চ্যাম্পিয়নস লিগের অন্যতম ফেবারিট বার্সা। মেসিকে ধন্যবাদ।’ফরাসি ক্রীড়া দৈনিক ‘এল’ইকুইপ’-এর খবরে বলা হয়, ‘না, বার্সা মরেনি। ওরা অন্য যেকোনো সময়ের চেয়ে সতেজ। যে দলটা মিলানের কাছে ২-০ গোলে হারল, তিন সপ্তাহ পর ওরা সেরাটা খেলেই ফিরল।’ সূত্র: রয়টার্স।