পরবেন ইরানের জার্সি?

মাঠে আর্জেন্টিনার হয়ে খেলছেন মেসি-হিগুয়েইনরা, গ্যালারিতে তখন ডিয়েগো ম্যারাডোনার গায়ে প্রতিপক্ষের জার্সি! ম্যারাডোনা ইরানের ফুটবল ফেডারেশনের প্রস্তাব গ্রহণ করলে কল্পিত দৃশ্যটা হতে পারে বাস্তবও! আর্জেন্টাইন পত্রিকা ক্লারিন-এর খবর, ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ম্যারাডোনাকে ইরানের জার্সি পরতে এক লাখ ডলারের প্রস্তাব করেছে ইরানের ফুটবল ফেডারেশন।
ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজ ও বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের সঙ্গে ম্যারাডোনার সখ্য সবার জানা। সেই সুবাদে ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদের সঙ্গেও ম্যারাডোনার ছিল বন্ধুত্ব। ম্যারাডোনা ইরানে গেছেনও। আর্জেন্টাইন কিংবদন্তি ১০ জানুয়ারি ইরানে যাবেন আবারও। ওই দিন ইরান দলের নতুন বিশ্বকাপ জার্সি উদ্বোধন করবেন ম্যারাডোনা।
আর্জেন্টাইন পত্রিকাটি ম্যারাডোনা টটেনহামের কোচ হতে পারেন বলেও খবর ছেপেছে। সংবাদ সংস্থা আইআরএনএর বরাত দিয়ে ওই প্রতিবেদনে ম্যারাডোনাকে ইরানের জার্সি পরার প্রস্তাবের কথাও বলা হয়েছে। আসন্ন ব্রাজিল বিশ্বকাপে নাইজেরিয়া ও বসনিয়ার সঙ্গে একই গ্রুপে (এফ) পড়েছে আর্জেন্টিনা ও ইরান। ২১ জুন বেলো হরিজোন্তেতে দুই দলের গ্রুপ ম্যাচে ম্যারাডোনাকে ইরানের জার্সি পরার প্রস্তাবটা নাকি দিয়েছেন ইরান ফুটবলের প্রধান কর্তা আলী কাফাসিয়ান। ২০১০ বিশ্বকাপের পর আর্জেন্টিনার কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে ম্যারাডোনার সম্পর্ক ভালো নয়। কদিন আগে হয়ে যাওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আগে ম্যারাডোনা নিজেই ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা নয়, দুবাইতে তিনি থাকবেন স্বাগতিক আরব আমিরাতের সমর্থক। আর বড়দের বিশ্বকাপে তো থাকছে অর্থ প্রাপ্তির হাতছানিও। দেখা যাক, ম্যারাডোনা শেষ পর্যন্ত কোনটা বেছে নেন—দেশ, নাকি অর্থ। ওয়েবসাইট।