পরশু শুরু জুনিয়র অ্যাথলেটিকস
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগামী ২-৩ জুন হবে ওয়ালটন টেলিভিশন জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস। মাহবুব, বিউটি, চুমকি, সুমিতাদের উত্তরসূরি খুঁজে বের করাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানালেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস। প্রতিযোগিতায় ৩৩টি ইভেন্টে বালক-বালিকা ও কিশোর-কিশোরী বিভাগে অংশ নেবে ৬০০ জন অ্যাথলেট। পৃষ্ঠপোষকতায় ইলেকট্রনিক পণ্যনির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন।গত এপ্রিলে বাংলাদেশ গেমসে ইলেকট্রনিক স্কোরবোর্ডে খেলা চালানো হলেও এবার জুনিয়রে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না। কিন্তু কেন হ্যান্ডটাইমিংয়ে বয়সভিত্তিক অ্যাথলেটিকসের আয়োজন, সংবাদ সম্মেলনে এই প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে পারলেন না সাধারণ সম্পাদক, ‘এই মুহূর্তে আমরা ইলেকট্রনিক স্কোরবোর্ডে খেলা চালাতে পারছি না। তবে চেষ্টা করে দেখব।’ বঙ্গবন্ধু স্টেডিয়ামে হেফাজতে ইসলামের তাণ্ডবের পর আপাতত স্কোরবোর্ড ব্যবহার করা সম্ভব হচ্ছে না বলেও জানালেন তিনি।সদ্য শেষ হওয়া বাংলাদেশ গেমসে পদকজয়ী কোনো অ্যাথলেট অংশ নিতে পারবে না জুনিয়র মিটে। তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা খুঁজে বের করতেই এমন নিয়ম করেছে ফেডারেশন!প্রতিটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ডধারীকে পুরস্কার দেবে ওয়ালটন। তবে আর্থিক পরিমাণ কত হবে, তা জানানো হয়নি। ১০০ মিটার স্প্রিন্টে সোনাজয়ী প্রত্যেককে ব্যক্তিগতভাবে আর্থিক পুরস্কারের ঘোষণা দেন ইব্রাহিম চেঙ্গিস। পুরস্কার মাত্র পাঁচ হাজার টাকা।