পরশু শুরু যুব হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ১৫ এপ্রিল শুরু হচ্ছে জাতীয় যুব হকি। প্রায় দুই বছর পর হতে যাচ্ছে তরুণ খেলোয়াড়দের এই প্রতিযোগিতা। সারা দেশের ৩৬টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে যুব হকিতে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপদের নিয়ে হবে সেমিফাইনাল। নকআউট পদ্ধতিতে হবে গ্রুপ পর্বের খেলা। এর মানে দাঁড়াচ্ছে একটা দল ঢাকার বাইরে থেকে এসে একটা ম্যাচ হারলেই বিদায়, সুযোগ পাবে না পরের ম্যাচে নিজেদের শুধরে নেওয়ার। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক অগ্রণী ব্যাংক দিচ্ছে ১২ লাখ টাকা। কিন্তু চ্যাম্পিয়ন বা রানার্সআপ দলের জন্য কোনো প্রাইজমানি নেই। একেবারে শেষ মুহূর্তে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেটাও খুবই কম—মাত্র ১০ হাজার টাকা করে। প্রতিযোগিতার ফাইনাল ২৭ এপ্রিল। কাল এ উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে হকি ফেডারেশন।