পরাজয়ে শিক্ষা ক্যামেরুন-হন্ডুরাসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের দুই সপ্তাহ আগে প্রস্তুতি ম্যাচে হেরে গেল বিশ্বকাপের দুই দল ক্যামেরুন ও হন্ডুরাস । অস্ট্রিয়ার কেফস্টেইনে ক্যামেরুনকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে দক্ষিণ আমেরিকা থেকে ব্রাজিলের টিকিট কাটতে ব্যর্থ প্যারাগুয়ে। ওয়াশিংটনে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে তুরস্ক।
ব্রাজিল, ক্রোয়েশিয়া, মেক্সিকোর সঙ্গে কঠিন গ্রুপে পড়েও ক্যামেরুন স্বপ্ন দেখছে ১৯৯০ বিশ্বকাপের পর প্রথমবারের মতো নকআউটপর্বে ওঠার। অধিনায়ক স্যামুয়েল ইতো তো চমক দেখানোর স্বপ্নই দেখছেন। হন্ডুরাসও ব্রাজিলে ভালো কিছুর প্রত্যাশা করছে । কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মাঝে যে বিস্তর ফারাক, সেই বার্তাই যেন দিল এই হার। হন্ডুরাস কোচ লুইস ফার্নান্দো সুয়ারেজের কঠিন সত্যটা বুঝতে সমস্যাও হয়নি ।
হন্ডুরাসের কলম্বিয়ান কোচ নিঃসংকোচে স্বীকার করেছেন, বিশ্বকাপের জন্য তাঁর দল তৈরি নয়, ‘আমার কাছে এটা পরিষ্কার, আমাদের আরও অনেক কাজ করতে হবে। কিছু খেলোয়াড় ফর্মে নেই। তাদের আগামী মাসের জন্য তৈরি হতে হবে।’
মেসিডোনিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ২-০ গোলে জিতলেও পরশু প্যারাগুয়ের কাছে হার। ক্যামেরুনের জার্মান কোচ ভলকার ফিনকে অবশ্য হারটাকে খুব বড় করে দেখছেন না। তবে এই হার ২ জুন ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার ব্যাপারটা তাঁর জন্য সহজ করে দিয়েছে, ‘আমি অনেক কিছু পর্যবেক্ষণ করেছি, যা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।’ অধিনায়ক ইতো প্যারাগুয়ের বিপক্ষে খেলেননি। তবে আগামীকাল জার্মানির সঙ্গে প্রস্তুতি ম্যাচে ইতো খেলবেন বলেই জানিয়েছেন। ফিনকেও তাকিয়ে আছেন ওই ম্যাচের দিকে, ‘জার্মানির বিপক্ষে আমরা ফলের জন্যই লড়ব। ওই ম্যাচেই আমি প্রথম একাদশের ধারণা নেওয়ার চেষ্টা করব।’ এএফপি।
এদিকে কাল ইরান ১–১ গোলে ড্র করেছে অ্যাঙ্গোলার সঙ্গে৷