গোলরক্ষক সাবিনা আক্তারের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। সারাক্ষণই তটস্থ থাকতে হয়েছে তাঁকে। কখনো ঝাঁপিয়ে পড়েছেন, কখনো বুক দিয়ে বল ঠেকিয়েছেন। হাত ফসকে যাওয়া বলটা আবার লুফে নিয়েছেন। কাল গোল বাঁচিয়েছেন অন্তত গোটা দশেক। এর পরও মহিলা এশিয়ান কাপের বাছাইপর্বের শেষ ম্যাচে শক্তিশালী ফিলিপাইনের কাছে বাংলাদেশ হেরেছে ০-৪ গোলে। শেষ দুটি গোল হজম করেছে বাংলাদেশ ম্যাচের শেষ পাঁচ মিনিটে। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে বাছাইপর্ব শেষ করেছে ফিলিপাইন। আর টানা তিন ম্যাচ জিতে চূড়ান্ত পর্বে থাইল্যান্ড।
কম গোল খাওয়ার লক্ষ্য নিয়েই কাল খেলতে নেমেছিল বাংলাদেশ। ইরানকে ৬ গোল দেওয়া ফিলিপাইনকে গোল পেতে বেশ ঘাম ঝরাতেই হয়েছে। রক্ষণভাগ ঠিক রেখে আক্রমণে উঠেছে বাংলাদেশ। কিন্তু নিজেদের অর্ধেই বল ঘুরেছে বেশির ভাগ সময়।
ম্যাচের ১৯ মিনিটে ফিলিপাইনকে এগিয়ে নেন মারিয়া পার্ক। কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিনা মেরি। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ অন্তত গোটা দুই সুযোগ পেয়েছিল। গোলরক্ষক ইনা ক্রিস্টিয়ানাকে একা পেয়েও দুবার ব্যর্থ হয়েছেন স্ট্রাইকার সাবিনা। ৮৫ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে দূরপাল্লার শটে গোল করেন ক্যাথরিনা, শেষ বাঁশি বাজার সামান্য আগে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠোকেন মারিয়া পার্ক।
তিন ম্যাচেই হার। তার পরও খেলোয়াড়দের এক লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বাফুফে। কোচ সৈয়দ গোলাম জিলানী অবশ্য হেরেও খুশি, ‘আমি মেয়েদের পারফরম্যান্সে সন্তুষ্ট।’ যোগ করলেন, ‘তিনটি বাজে গোল খেয়েছি আমরা। গোলরক্ষক সাবিনার দোষ আমি দেব না। এমন টুর্নামেন্টে ওর খেলার অভিজ্ঞতাই তো নেই।’ স্ট্রাইকার সাবিনাও একই কথা বললেন, ‘আমি চাপে ছিলাম না। তবে আজ সুযোগ পেয়েও গোল করতে পারিনি অনভিজ্ঞতার কারণে।’
চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিল ফিলিপাইন। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে পারেনি ফিলিপিনো মেয়েরা। ম্যাচ শেষে কোচ আর্নেস্ট টমাস বললেন, ‘চূড়ান্ত পর্বে যেতে পারিনি বলে অবশ্যই হতাশ। নতুন খেলোয়াড় নিয়ে চেষ্টা করেছি জিততে। তবে এখানেই সব শেষ হয়ে যায়নি। মিয়ানমারে একটা টুর্নামেন্ট আছে সামনেই, এখন সেটার দিকেই তাকিয়ে আছি আমরা।’
চূড়ান্ত পর্বে থাইল্যান্ড: ইরানের সঙ্গে ড্র করলেই চলত থাইল্যান্ডের। কিন্তু ড্র নয়, ইরানকে ৫-১ গোলে হারিয়ে যোগ্যতম দল হিসেবেই তারা উঠল চূড়ান্ত পর্বে। হ্যাটট্রিক করেছেন নিশা। অন্য দুই গোল মাইজারান ও সেসরামের। ইরানের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেছেন সারা ঘোমি।