পরাজয় দিয়ে শুরু
আরব আমিরাত লিগে ডিয়েগো ম্যারাডোনার অভিষেকটা হলো হার দিয়ে। পরশু লিগের প্রথম ম্যাচে আল-জাজিরার কাছে ৪-৩ গোলে হেরে গেছে তাঁর দল আল ওয়াসল।আর্জেন্টিনার সাবেক কোচ অবশ্য তাঁর দলের পারফরম্যান্সে খুশি। ‘আমার খেলোয়াড়েরা ভালো লড়াই করেছে। তাদের ওপর আমি খুশি। দ্বিতীয়ার্ধে তো মাঠে শুধু আমার দলই ছিল। খেলোয়াড়েরা তাদের সেরাটা দিয়েছে এবং ফলটা ৩-৩ হওয়াই উচিত ছিল’—বলেছেন ম্যারাডোনা।ম্যারাডোনা ঠিকই বলেছেন। প্রথমার্ধে আল-জাজিরার কাছে উড়ে যাওয়া আল ওয়াসল ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে। ইব্রাহিম ডায়াকি, মাতিয়াস দেলগাডো ও রিকার্ডো অলিভিয়েরার গোলে প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় আল-জাজিরা। দ্বিতীয়ার্ধে যেন কোনো জিয়নকাঠির ছোঁয়ায় জেগে ওঠে আল-ওয়াসল। প্রথমার্ধেই একটি গোল ফেরত দেওয়া আর্জেন্টাইন মিডফিল্ডার মারিয়ানো ডন্ডা আরও দুটি গোল করেন, সমতায় ফেরে আল ওয়াসল (৩-৩)। কিন্তু আরেক দক্ষিণ আমেরিকান জেডার ভোলনেই ম্যারাডোনাকে লিগ অভিষেকে উপহার দেন পরাজয়। ইনজুরি সময়ে আল-জাজিরার জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এএফপি।