দ্বিতীয় দিনেরই পুনরাবৃত্তি হলো তৃতীয় দিনে। দ্বিতীয় দিনে পড়েছিল ১৩ উইকেট, কাল তৃতীয় দিনেও তা-ই। আগের দিনের মতো তৃতীয় দিনের শেষেও অপরাজিত পাকিস্তানের ইউনুস খান। আম্পায়ারদের ভুলও ধারাবাহিক। গল টেস্টে কোণঠাসা হয়েই রয়েছে পাকিস্তান। ৫১০ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য নিয়ে ব্যাট করা সফরকারীরা ৩৬ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৩ উইকেট। তৃতীয় উইকেট পড়েছে অবশ্য ২৫ রানে। ইউনুস খানের সঙ্গে ক্রিজে আছেন নৈশপ্রহরী সাঈদ আজমল। আগের দিনের শেষে অপরাজিত থাকা ইউনুস খানের আউট দিয়েই দিন শুরু করেছিল পাকিস্তান। ৫ উইকেটে ৪৮ রান নিয়ে শুরু করা সফরকারীদের ৬৫ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন ইউনুস ও মোহাম্মদ আয়ুব। ইউনুসের বিদায়ের পর উইকেটরক্ষক আদনান আকমলকে নিয়ে আরও ২৩ রান যোগ করেন আয়ুব। তালগোল পাকিয়ে দুজন একই প্রান্তে এসে পড়লে রানআউট হন আদনান। এরপর পাকিস্তান প্রথম ইনিংসে কোনোমতে ছুঁতে পারে ১০০ রান। আগের দিনের ২ উইকেটের সঙ্গে কাল আরও ২টি উইকেট যোগ করা অফ স্পিনার সুরাজ রণদিভই শ্রীলঙ্কার সেরা বোলার। ৩৭২ রানে এগিয়ে দল। সামনের দুটি দিন দিচ্ছে বৃষ্টির পূর্বাভাস। বোলারদেরও তেমন কষ্ট হয়নি (মাত্র ৫৪.৩ ওভার বোলিং)। তার পরও পাকিস্তানকে ফলোঅন করালেন না মাহেলা জয়াবর্ধনে। আবার ব্যাটিংয়ে নামাটাকেই ঠিক মনে করলেন লঙ্কান অধিনায়ক। তিন ঘণ্টা পর যখন জয়াবর্ধনে ইনিংস ঘোষণা করলেন, লিড ছাড়িয়ে গেছে ৫০০। এরপর ঝটপট পাকিস্তানের ৩ উইকেটে তুলে নিজেদের কাজটা অনেকটাই এগিয়ে রাখলেন বোলাররা। প্রথম ইনিংসের মতো এবারও প্রথম উইকেটটি নুয়ান কুলাসেকারার। ভারপ্রাপ্ত অধিনায়ক হাফিজকে ফেরানোর পর তৌফিক উমরকেও ফিরিয়েছেন এই পেসার। পাকিস্তানের ব্যাটিং-দুর্দশার চেয়ে দিন শেষে বড় হয়ে উঠেছে ডিআরএস না-থাকা নিয়ে বিতর্ক। দুই আম্পায়ার স্টিভ ডেভিস ও ইয়ান গোল্ড তিন দিনে ভুল সিদ্ধান্ত দিয়েছেন ১০টি, যার ছয়টিই গেছে পাকিস্তানের বিপক্ষে। আর এটি নিয়ে মুখ খুলেছেন কোচ ডেভ হোয়াটমোর। এই শ্রীলঙ্কাতেই ইংল্যান্ড সিরিজে ছিল ডিআরএস। এদিকেই ইঙ্গিত করে লঙ্কানদের সাবেক কোচ বলেছেন, ‘এক সিরিজে থাকবে আর এক সিরিজে থাকবে না, আমার কাছে এটা ঠিক মনে হচ্ছে না। প্রতি সিরিজেই ডিআরএসকে বাধ্যতামূলক করা উচিত।’ এএফপি, ওয়েবসাইট।