
‘বুড়ো’ জিয়ানলুইজি বুফন আজ্জুরিদের শিরোপা-পঞ্চক জেতাতে চেয়েছিলেন। কথা রেখেছিল ৩৬ বছর বয়সীর বিশ্বস্ত গ্লাভস জোড়াও। কিন্তু নিজের সর্বস্ব নিংড়েও রুখতে পারলেন না ইতালির বিদায়। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের সিঁড়িতে পা রাখতে ব্যর্থ ইতালি।
দল হারলেও বুফন িজতেছেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। কিন্তু এই সান্ত্বনা পুরস্কারে কী আসে যায়! ব্যক্তিগত সাফল্যের আনন্দ ম্লান হয়ে যাচ্ছে দলীয় ব্যর্থতার কাছে, ‘আমার পারফরম্যান্স নিয়ে খুশি। কিন্তু সত্যি কথা বলতে কি, ম্যাচসেরার পুরস্কার শুধু একবার পেতে চাইনি। দিনটি আমার জন্য, দলের প্রত্যেক খেলোয়াড়ের জন্য এবং পুরো জাতির জন্য হতাশার।’
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ জেতায় গত বিশ্বকাপের ব্যর্থতা মোচনে আশার পালে হাওয়া লেগেছিল। কিন্তু টানা দুটি ম্যাচ হেরে ইতালির সেই পাল আজ শতছিন্ন। আয়নার সামনে দাঁড়িয়ে বুফনের ব্যবচ্ছেদে দায়টা নিজেদেরই, ‘এটা অমার্জনীয় ব্যর্থতা এবং তা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। প্রাপ্যটাই পেয়েছি আমরা।’
ইতালির কোচ সিজার প্রানদেল্লি ক্ষুব্ধ ইতালিয়ান ফুটবল নিয়েই। বিশ্বকাপে আসার সময় ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ের কথা মনে করলেন তিনি, ‘পৃথিবীতে আমরাই বোধ হয় একমাত্র দল, যারা বিশ্বকাপে খেলতে আসে নিজ দেশের মানুষের সমর্থন ছাড়াই। আমাদের নিয়ে বিদ্রূপ হচ্ছিল, শিস বাজানো হচ্ছিল, অপমানে নাজেহাল হচ্ছিলাম আমরা। রীতিমতো হতবিহ্বল হয়েই আমরা পা রেখেছিলাম ব্রাজিলে।’
প্রানদেল্লির মতে, ইতালির ব্যর্থতার মূলে আছে ক্লাবগুলোর নিজ স্বার্থ থেকে একবিন্দু সরতে না চাওয়ার মানসিকতা। বিশ্বকাপের মৌসুমেও ক্লাবগুলো জাতীয় দলের ব্যাপারটি মাথায় রাখেনি বলে অভিযোগ করেছেন, ‘কোনো সমন্বয় নেই। বুধবার কীভাবে আমরা স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারব, যদি রোববার রাতে সিরি ‘আ’র দুটি ম্যাচ হয়? যথেষ্ট হয়েছে, আর না!’ বাতলে দিয়েছেন সমস্যার সোজাসাপটা প্রেসক্রিপশন, ‘আমাদের একদম শুরু থেকেই শুরু করতে হবে। তরুণ প্রতিভাদের মাঝে নিজ দেশকে প্রতিনিধিত্ব করার সম্মান, গুরুত্ব অনুধাবন করাতে হবে।’ এএফপি।