পরাজয়ে কাঁদলেন বালোতেল্লি!

চোখে দুকূলপ্লাবী অশ্রুস্রোত। যেন পাথুরে মূর্তি। শেষ পর্যন্ত ট্র্যাকস্যুট দিয়ে মুখটা ঢেকে ফেললেন। কিন্তু ততক্ষণে পুরো দৃশ্যটা ভিডিওবন্দী হয়ে গেছে। পরশু সবাই অবাক হয়ে দেখল, অঝোরে কাঁদছেন মারিও বালোতেল্লি! নাপোলি-এসি মিলান ম্যাচের ফল ছাপিয়ে তাই একটা প্রশ্নই উঠে এসেছে। কেন কাঁদছিলেন বালোতেল্লি?
মাঠে ‘সুপার মারিও’র সময়টা একদমই ভালো যায়নি। ৭৩ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন, কিন্তু গোল দূরে থাক, গোলে শটই নিতে পেরেছেন একটি। শেষ পর্যন্ত জিয়ামপাওলো পাজ্জিনিকে জায়গা করে দিতে উঠে গেছেন। খানিক পরই মিলান পিছিয়ে পড়ে ২-১ গোলে। ৮২ মিনিটে গঞ্জালো হিগুয়েইন যখন মিলান-কফিনে শেষ পেরেকটি ঠুকলেন (৩-১), আর সইতে পারলেন না বালোতেল্লি। মাঠে হিগুয়েইনরা উৎসবে রঙিন, ওদিকে টিভি ক্যামেরা খুঁজে নিল বেঞ্চে বসে থাকা অশ্রুসিক্ত ইতালিয়ান স্ট্রাইকারকে।
কারণ হিসেবে কারও কারও ইঙ্গিত বর্ণবাদী মন্তব্যের দিকে। তবে মিলান কোচ ক্ল্যারেন্স সিডর্ফের তা মনে হয়নি, ‘এটা খেলোয়াড়সুলভ অভিব্যক্তি। কখনো কখনো আমরা নিজেদের এভাবেই প্রকাশ করি। আর মারিও তো মানুষই। আমি এখানে (বালোতেল্লির কান্নায়) কোনো অন্যায় বা অস্বাভাবিক কিছু দেখছি না। আমি নিজেও তো আগে এমন করেছি।’
তবে সবাই তো আবেগের আতিশয্যকে সহজভাবে নেন না। সাবেক মিলান ও ক্রোয়েশিয়া মিডফিল্ডার জভোনোমির বোবানের কাছে এটা যেমন ‘ছেলেমানুষি’, ‘বালোতেল্লির আচরণ কখনোই চ্যাম্পিয়নের মতো নয়। সে হয়তো প্রতিশ্রুতিশীল, তবে তাকে ঘিরে দল সাজানোটা খুবই ঝুঁকিপূর্ণ।’ ওয়েবসাইট।