পরাজয়ে ক্ষমাপ্রার্থী ফার্গুসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্লিং কাপ থেকে চেলসির বিদায়ের ২৪ ঘণ্টার মধ্যেই আরেক মহীরুহের পতন। এবার বিদায় ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দলটির হার একটু লজ্জারই। চেলসি হেরেছে লিভারপুলের কাছে। আর পরশু দ্বিতীয় বিভাগের দল ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে (১-২) ম্যানইউ উঠতে পারল না সেমিফাইনালে। লিগ কাপে ১৯৯০ সালের পর নিচের বিভাগের দলের কাছে ম্যানইউর এটি নবম পরাজয়। স্যার অ্যালেক্স ফার্গুসন এমন হার মানতে পারছেন না। কোয়ার্টার ফাইনালে দলের হারে ম্যানইউ কোচ সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী, ‘আমি সত্যিই আমাদের সমর্থকদের কাছে ক্ষমা চাই। কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা এটা নয়।’ফার্গুসন নামিয়েছিলেন তরুণ একটি দল। ইজেকিয়েল ফ্রাইয়ার্স ও র‌্যাভেল মরিসন ঘরের মাঠে নেমেছিলেন মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে। আর পল পোগবার প্রথম পা পড়ে ওল্ড ট্রাফোর্ডে। দ্বিতীয়ার্ধে দুই দলের দুই গোলের সমতা নিয়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৬৫ মিনিটে ৩৫ মিটার দূর থেকে আচমকা শটে গোল করে প্যালেসকে প্রথম এগিয়ে নেন ড্যারেন অ্যামব্রোস। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার গ্যারি নেভিলের চোখে গত ২০ বছরের মধ্যে ওল্ড ট্রাফোর্ডে এটি সুন্দরতম গোল! যদিও তিন মিনিটের ব্যবধানেই পেনাল্টি গোলে ম্যানইউকে ম্যাচে ফেরান ইতালিয়ান স্ট্রাইকার ফ্রেদেরিকো মাচেদা। কিন্তু জয় আর পায়নি ম্যানইউ। ৯৮ মিনিটে ফ্রি-কিক থেকে গ্লেন মারের হেড ক্রিস্টাল প্যালেসের অনুকূলে গড়ে দেয় ম্যাচের ভাগ্য। অ্যামব্রোসই নিয়েছিলেন ফ্রি-কিক। দলকে জিতিয়ে স্বপ্নের ঘোরে মারে, ‘যেকোনো তরুণই এ রকম জায়গায় অমন একটা গোল করার স্বপ্ন দেখে!’আগামী মাসে কার্ডিফ সিটির সঙ্গে সেমিফাইনালে মুখোমুখি হবে প্যালেস। দ্বিতীয় সেমিফাইনালে খেলবে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। যে ম্যানইউ মৌসুমের শুরুতে ছিল অদম্য, সর্বশেষ তিন ম্যাচেই তারা পরাজিত। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে পরশুর ম্যাচ পরাজয়ের সঙ্গে চোটও উপহার দিয়েছে ম্যানইউকে। ডা সিলভা যমজ ও বুলগেরিয়ান স্ট্রাইকার দিমিতার বারবেতভ চোট পেয়েছেন। প্রিমিয়ার লিগে আগামীকাল অ্যাস্টন ভিলার মুখোমুখি হওয়ার আগে ফার্গুসন পড়েছেন অস্বস্তিতে। এএফপি, রয়টার্স।