পরাজয়ে মিলল বার্সা-মিলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ বার স্প্যানিশ লিগ জিতেছে বার্সেলোনা। ইতালিয়ান লিগে এসি মিলান শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে ১৭ বার। সাতবারের ইউরোপ-শ্রেষ্ঠ এসি মিলান, বার্সেলোনা তিনবার। সাফল্যের বিচারে দুটি দল প্রায় কাছাকাছি। তবে ‘প্রায়’ শব্দটি মুছে দিয়ে ইউরোপিয়ান ফুটবলের গত সপ্তাহটি বার্সা-মিলানকে ব্যর্থতায় মিলিয়ে দিল একই বিন্দুতে।দুদলই হেরেছে ঘরোয়া লিগে। আশ্চর্য রকম মিল রেখে দুটি দলই হেরেছে নবাগত দুটি দলের কাছে। স্প্যানিশ লিগে বার্সা বধ হয়েছে হারকিউলিসের কাছে। আর এসি মিলানের পা কেটে দেওয়া ‘পচা শামুক’ সেসেনা। দুটি ম্যাচেরই স্কোরলাইন ২-০। বার্সা হেরেছে নিজেদের মাঠে। মিলান হেরে এসেছে সেসেনা থেকে।প্রতিপক্ষ নবাগত বলে পরাজয় মেনে নিতে পারছে না দুই দলের একটিও। তবে খেলোয়াড়দের দুষছেন না বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা বা এসি মিলান সভাপতি সিলভিও বার্লুসকোনি। ‘এই সময়ে একটা আন্তর্জাতিক ছুটি আসে এবং আমাদের জিততে ব্যর্থ হওয়াটা এ কারণেই নয়’—গার্দিওলা আন্তর্জাতিক ছুটির দিকে আঙুল তুললেও এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাননি। আর ইতালির প্রধানমন্ত্রী ও মিলানের সভাপতি বার্লুসকোনির তীর রেফারির দিকে, ‘রেফারি মিলানের তিনটি গোল চুরি করে নিয়েছে।’বার্সেলোনা এমন হার কীভাবে মানবে? ২০০৯ সালের মে মাসের পর ন্যু ক্যাম্পে কোনো লিগ ম্যাচ হারেনি বার্সা। সেই ন্যু ক্যাম্পেই কিনা হেরে গেল তারা। ১২ বছর পর লা লিগায় খেলতে আসা একটি দল জিতল এক প্যারাগুইয়ান খেলোয়াড়ের দুই গোলে! দুটি গোলই করেছেন ভেরডার ব্রেমেন থেকে আসা প্যারাগুইয়ান স্ট্রাইকার নেলসন ভালদেজ। তবে বার্সা একটা স্বস্তিও পেতে পারে, হারকিউলিসের নতুন খেলোয়াড় ফ্রান্স স্ট্রাইকার ডেভিড ত্রেজেগে দু-তিনটি সহজ সুযোগ অপচয় না করলে পরাজয়ের ব্যবধানটা আরও বড়ই হতো!ত্রেজেগের অপচয়ের আগে ম্যাচের শুরুর দিকটা অবশ্য ভালোই খেলেছে বার্সা। তবে ২৬ মিনিটে ভালদেজ তাঁর প্রথম গোলটি করার পর হারকিউলিস যেন সত্যিই রূপকথার সেই বলবান হারকিউলিস হয়ে ওঠে। বার্সেলোনাও হারাতে থাকে তাদের বল নিয়ন্ত্রণ আর পাসিং ফুটবল। এই সুযোগে ৫৮ মিনিটে ভালদেজ করেন তাঁর দ্বিতীয় গোল (২-০)।ওদিকে বার্লুসকোনি যতই রেফারির দোষ ধরেন, তাঁর তারকা খেলোয়াড়েরা মোটেই সুবিধা করতে পারেননি। মিলান-অভিষেকে ইব্রাহিমোভিচ ও রবিনহো ছিলেন বড্ড নিষ্প্রভ। মিলানের ‘বিশ্বসেরা’ আক্রমণভাগের আর দুজন রোনালদিনহো ও পাতোর পারফরম্যান্সও ছিল তথৈবচ।রবিনহো দ্বিতীয়ার্ধে নেমেছিলেন বদলি হিসেবে। তাঁকে জায়গা দেওয়ার আগে পুরোনো কিছু ঝলক দেখিয়ে গেছেন ব্রাজিলিয়ান প্লে-মেকার রোনালদিনহো। পাতো এটুকুও পারেননি। আর ইব্রাহিমোভিচের অবদান? ফিলিপ্পো ইনজাগির এনে দেওয়া পেনাল্টি মিস করেছেন। ফল, মাত্র দুই বছর আগেও ইতালির তৃতীয় বিভাগে খেলা দলটির কাছে করুণ পরাজয়।স্প্যানিশ ও ইতালিয়ান লিগের অন্য দুই বড় দল রিয়াল মাদ্রিদ আর ইন্টার মিলান অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছে। স্প্যানিশ লিগে জয় পেয়েছে ডিয়েগো ফোরলানের দল অ্যাটলেটিকো মাদ্রিদও। রিয়ালের নতুন সৈনিক পর্তুগিজ কারভালহোর গোলে ওসাসুনাকে হারিয়েছে রিয়াল (১-০)। আর ফোরলান ও টিয়াগোর গোলে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে অ্যাটলেটিকো। লুসিও ও ইতো গোল করে গত মৌসুমের ট্রেবলজয়ী ইন্টারকে জিতিয়ে এনেছেন (২-১) উদিনেসের বিপক্ষে।ড্র দিয়ে লিগ শুরুর পর ন্যূনতম ব্যবধানের এই জয়টাও রিয়ালের জন্য স্বস্তি হয়েই আসার কথা। তবে ম্যাচের পর বার্নাব্যুর পরিবেশটা ছিল গুমোট। ঘরের মাঠে কষ্টার্জিত এই জয় পছন্দ হবে কেন সমর্থকদের? দুয়ো শুনেছেন খেলোয়াড়েরা। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস অবশ্য সমর্থকদের বলছেন ধৈর্য ধরতে, ‘বার্নাব্যুর সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। বুঝতে হবে, আমরা তরুণ একটি দল।’রিয়াল যখন ড্র দিয়ে শুরুর ধাক্কাটা কাটিয়ে উঠেছে, সুসময়ে ফেরার আভাস দিয়েছে ইতালির জুভেন্টাসও। প্রথম ম্যাচে বারির কাছে ০-১ গোলে হারার পর এবার ৩-৩ গোলে ড্র করেছে তারা সাম্পদোরিয়ার সঙ্গে। তবে কোচ দেলনেরি ২ ম্যাচ যেতে না যেতেই ছেড়ে দিয়েছেন শিরোপার আশা, ‘জুভরা শিরোপা জিতবে কি না? না, ওটা অন্য দলগুলোর জন্য। জুভেন্টাস সাধারণ একটা দল।’ তাহলে এএস রোমা কেমন দল? ক্যালিয়ারির কাছে নাকানিচুবানি খেয়ে ৫-১ গোলে হেরেছে সিরি ‘আ’র গতবারের রানার্সআপরা। এএফপি।