টানা দুই ম্যাচ হেরে এশিয়ান গেমস থেকে বিদায় প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল। তার পরও দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কাগুজে সম্ভাবনা রয়েই গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের। কিন্তু সেটা হলো না। প্রাপ্তি বলতে প্রতিপক্ষের জালে একটি গোল জড়াতে পারা। শেষ পর্যন্ত গুয়াংজুর হুয়াদু স্টেডিয়ামে হংকংয়ের কাছে ৪-১ গোলে হেরে উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিদায় নিতে হলো বাংলাদেশকে।তিন ম্যাচে হেরে ‘ই’ গ্রুপের পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানিতেই রবার্ট রুবচিচের দল। দুটি জয় ও ১টি ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে সরাসরি দ্বিতীয় রাউন্ডে সংযুক্ত আরব আমিরাত ও হংকং। হংকংয়ের জন্য এটি ৫২ বছর পর দ্বিতীয় রাউন্ডে ওঠা। ৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপের তৃতীয় দলটি উজবেকিস্তান। কাল ম্যাচ শুরু হতে না-হতেই গোল হজম করে বসে বাংলাদেশ। ২ মিনিটে ইউচাংয়ের গোলে এগিয়ে যায় হংকং। তবে ২৪ মিনিটে মামুনের ফ্রি-কিক থেকে গোল শোধ করে বাংলাদেশকে সমতায় ফেরান এনামুল। সমতা ফেরানোর আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ইউচাং। সেখান থেকে আর খেলায় ফিরতেই পারেনি বাংলাদেশ। ৪১ ও ৮৭ মিনিটে ইংঝিচু ও ম্যান ফাই চ্যান শেষ দুটো পেরেক ঠুকে দেন।দেশ ছাড়ার আগে বাংলাদেশ হংকংয়ের সঙ্গে একটা জয়ের কথা বলেছিল। সেটা হয়নি। বরং গত দুই ম্যাচের চেয়ে একটি গোল বেশিই খেতে হয়েছে। কাল টেলিফোনে চীন থেকে সহকারী কোচ সাইফুল বারী (টিটু) জানালেন, ‘গত দুই ম্যাচের তুলনায় একটু বেশি আক্রমণাত্মক খেলেছে ছেলেরা। তাতেও কোনো ফল হয়নি।’