পরাজয়েই সফর শেষ উইন্ডিজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের নিউজিল্যান্ড সফরের শেষটা হলো পরাজয় দিয়ে। কাল ওয়েলিংটনে দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে হেরে ক্যারিবীয়রা টি-টোয়েন্টি সিরিজে হলো ধবলধোলাই। প্রায় ছয় সপ্তাহের সফরে টেস্ট সিরিজেও হারা (২-০) ক্যারিবীয়দের প্রাপ্তি একটাই—ওয়ানডে সিরিজটি ড্র (২-২) করতে পারা।
কাল টস জেতা ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ডকে দিয়েছিল ১৬০ রানের চ্যালেঞ্জ, যা এক ওভার হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা (১৬৩/৬)। অবশ্য ৭৯ রানেই কিউইরা অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামসহ (১৭) হারিয়ে ফেলেছিল গাপটিল (১), রাইডার (২৩), মানরো (৫) ও অ্যান্ডারসনকে (৬)। এরপর অভিজ্ঞ রস টেলরের সঙ্গে দলের হাল ধরেন লুক রনকি। ষষ্ঠ উইকেটে তাঁদের ৬৮ রানের জুটি জয় ত্বরান্বিত করে নিউজিল্যান্ডের। ৪১ বলে ৩৯ করে টেলর আউট হলেও ৪টি চার ও ২টি ছয়ে ২৮ বলে ৫১ রানে অপরাজিত থাকেন ‘ম্যান অব দ্য ম্যাচ’ রনকি।
এর আগে দিনেশ রামদিন (৩১ বলে অপরাজিত ৫৫) ও আন্দ্রে ফ্লেচারের (৩৬ বলে ৪০) ৭০ রানের জুটির সৌজন্যে ৫ উইকেটে ১৫৯ করে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েবসাইট।