পরাজয়েও ক্যারিবীয় শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দিনে চারটি ম্যাচ। বাংলাদেশের মেয়েদের জন্য একটু কঠিনই। ক্লান্তি, অবসাদ পেয়ে বসা স্বাভাবিক। তার ওপর চারটি বিশ্বকাপ এবং ৪৫টি ওয়ানডে খেলা ওয়েস্ট ইন্ডিজ অভিজ্ঞতায় অনেক এগিয়ে। ওদের কাছে বাংলাদেশের বড় পরাজয় অপ্রত্যাশিত নয়। আয়ারল্যান্ডকে হারিয়ে উজ্জীবিত বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসহায় আত্মসমর্পণে ওই ক্লান্তির একটা ভূমিকা থাকলেও থাকতে পারে। মিরপুরে কাল টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাট করিয়ে ৫০ ওভারই ফিল্ডিং করতে হলো। পরে ব্যাটিংয়ে নামা সালমা খাতুনদের শরীরে চনমনে ভাবটা আর থাকল না। বাংলাদেশ ব্যাট করল ৪৭.৭ ওভার পর্যন্ত। ২১৮ রানের লক্ষ্য তাড়া করে অলআউট ১৩৭ রানে। ৮০ রানের পরাজয় বাংলাদেশের বিশ্বকাপ খেলা এবং ওয়ানডে মর্যাদা পাওয়ার স্বপ্নটাকে টেনে নিল পরের ম্যাচ পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ চারটি ম্যাচই জিতে গ্রুপসেরা হয়ে সরাসরি চলে গেছে শীর্ষ চারে। একই সঙ্গে ভারতে অনুষ্ঠেয় ২০১৩ মহিলা বিশ্বকাপের টিকিটও পেয়ে গেছে। ‘বি’ গ্রুপে দ্বিতীয় পাকিস্তান, তৃতীয় বাংলাদেশ। আগামীকাল ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল শ্রীলঙ্কাকে হারাতে পারলে বিশ্বকাপ খেলার সুযোগ এবং ওয়ানডে মর্যাদা—দুটিই পেতে পারে বাংলাদেশ। হারলেও সুযোগ থাকবে। কাজেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ধর্তব্যে না আনলেও চলছে। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়ে অনেক অভিজ্ঞতা অর্জন তো হলো!টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে বাংলাদেশ অধিনায়ক চেয়েছিলেন তাদের ১৫০-১৬০ রানে আটকে রাখতে, কিন্তু এই টুর্নামেন্টে একটি সেঞ্চুরি এবং একটি ফিফটি পাওয়া আইসিসির বর্ষসেরা স্টেফানি টেলর (৬২) ও শানাজ ডেলি (৬১) ইনিংসটাকে নিয়ে যান ২০০-র ওপরে। শানাজ পরে দুই উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার হাতে তুলেছেন।ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা শারীরিক সক্ষমতায় বাংলাদেশের মেয়েদের চেয়ে কয়েক গুণ এগিয়ে। বাংলাদেশের মেয়েরা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত একটিও ছয় মারতে পারেননি, ওয়েস্ট ইন্ডিয়ানরা কাল এক ম্যাচেই মেরেছেন ছয়টি। এর তিনটি বোলারের মাথা আর বাকি তিনটি মিড উইকেটের ওপর দিয়ে। গতকালের ম্যাচে বাংলাদেশের মেয়েরা চারই মেরেছেন সাকুল্যে ৭টি। ২০.৫ ওভারে ফারজানা চার মারার পর পরেরটি ৪১.২ ওভারে রুমানা মেরেছেন কাভার দিয়ে। তার মানে, বাংলাদেশের ইনিংসের মাঝপথে প্রায় ২১ ওভার ছিল চারবিহীন। গোটা ইনিংসই এগিয়েছে কচ্ছপগতিতে। বাংলাদেশ কী লক্ষ্য নিয়ে ব্যাট করেছে? সংবাদ সম্মেলনে অধিনায়ক সালমা প্রথমে বললেন, ‘আমরা ১৭০-৮০ করে সম্মানজনক হারের চিন্তা করেছিলাম।’ পরক্ষণেই ফিরিয়ে নিলেন কথাটা, ‘কেউই হারার জন্য খেলে না। আমরা চেষ্টা করেছি...।’কোচ মমতা মাবেনের ব্যাখ্যাটিই বেশি যুক্তিগ্রাহ্য, ‘নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা সেরাটা দিয়েছি। ওয়েস্ট ইন্ডিজ সব দিক দিয়ে এগিয়ে। তাদের শট খেলার সামর্থ্য অনেক বেশি। আমাদের সমস্যা ব্যাটিংয়ে। আন্তর্জাতিক ক্রিকেট কী, এই ম্যাচে তা বুঝেছে আমাদের মেয়েরা।’ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক মারিসা আগুইলিরা খুশি, ‘আমরা ২০০-র ওপরে রান করতে চেয়েছিলাম। সেটা পেরেছি। এখন সামনে এগিয়ে যেতে চাই।’ বাংলাদেশের বোলিংয়ের প্রশংসা তাঁর কণ্ঠে, ‘ওদের বোলিং ভালো ছিল। এই টুর্নামেন্টে আমাদের বিপক্ষে এটাই সবচেয়ে ভালো বোলিং আক্রমণ। তবে ব্যাটিংয়ে উন্নতির সুযোগ আছে।’শেষ কথায় একমত সবাই।