পরাজয়েও গর্বিত স্ট্রাউস
শহীদ আফ্রিদি এখন প্রাণখুলে হাসতে পারেন। ম্যাচ গড়াপেটার অভিযোগে ক্ষত-বিক্ষত তাঁর দল ২-০-তে পিছিয়ে থাকার পর ২-২-এ সমতা আনতে পেরেছে, এটা অবশ্যই একটা কারণ। আফ্রিদি হাসতে পারেন অ্যান্ড্রু স্ট্রাউসের কথা শুনেও। ইংলিশ অধিনায়ক যে পরশুর ম্যাচে হারের দায় দিচ্ছেন মানসিক অস্থিরতাকে! সরাসরি বলেননি, তবে যা বলেছেন তাঁর ভাবার্থ, ইজাজ বাটের অভিযোগে ক্রিকেটারদের মনোযোগ ব্যাহত হওয়াতেই এই পরাজয়। আফ্রিদি বলতে পারেন, ‘আমরা তাহলে ক্রিকেটটা খেলছি কী করে!’ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হারার পর মানসিকভাবে বিধ্বস্ত পাকিস্তানের সিরিজ হারাটাকে মনে হয়েছিল স্রেফ সময়ের ব্যাপার। সেই দলটাই বিপুল বিক্রমে ফিরেছে সিরিজে। ওভালে ২৩ রানের জয়ের পর পরশু লর্ডসে ৩৮ রানে জিতেছে আফ্রিদির দল। ৩০০তম ম্যাচ খেলতে নামা অধিনায়ক আফ্রিদির ২২ বলে ৩৭ ও অলরাউন্ডার আবদুল রাজ্জাকের ২০ বলে অপরাজিত ৪৪ রানের দুটি ঝড়ো ইনিংসে পাকিস্তান করেছিল ২৬৫। ১১৩ রানের উদ্বোধনী জুটির পরও উমর গুল ও শোয়েব আখতারের বোলিং তোপে ২২৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।ওভালে ৬ উইকেট নেওয়া গুল এবার নিয়েছেন চারটি। ১০ ওভারে ৫৯ রান দিলেও দারুণ গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নিয়েছেন শোয়েব। ম্যাচসেরা অবশ্য রাজ্জাক, শেষ দুই ওভারে ৪২ রান তুলে ম্যাচের গতি-প্রকৃতি পাল্টে দেওয়ার জন্য। চার বছর আগে ইংল্যান্ডের বিপক্ষেই নটিংহামে ৭৫ রান করার পর ওয়ানডেতে রাজ্জাকের সর্বোচ্চ ইনিংস এটাই।ম্যাচের আগেই ইজাজ বাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন স্ট্রাউস। ইংল্যান্ড অধিনায়ক ফুঁসছিলেন ম্যাচের পরও, ‘আবারও বলছি, বাটের অভিযোগ ভ্রান্ত এবং কোনো প্রমাণ ছাড়াই এমন গুরুতর অভিযোগ ওঠায় আমরা মানসিকভাবে ছিলাম খুবই অস্থির। অভিযোগ শোনার পর প্রথমে সবাই খুব উত্তেজিত হয়ে পড়েছিল। প্রয়োজন ছিল আবেগটাকে একপাশে সরিয়ে রাখা, কিন্তু সেটার জন্য যথেষ্ট সময় ছিল না। যা হোক, উত্তেজনা কিছুটা কমার পর সবাই বুঝতে পারলাম, এই মুহূর্তে সবচেয়ে ভালো বিকল্প হলো ক্রিকেট খেলা।’ ‘অস্থির মানসিক অবস্থা’ নিয়েও ইংলিশ ক্রিকেটাররা যে মাঠে নেমেছিলেন, এতেই গর্বিত স্ট্রাউস, ‘খেলোয়াড়েরা যেভাবে পেশাদারিত্বের পরিচয় দিয়ে মাঠে নেমেছে, আমি তাতে ভীষণ গর্বিত। আসলে কৃতিত্ব প্রাপ্য দুদলেরই। জীবনে অনেক সময়ই এমনটা ঘটে, যখন উত্তেজনা বেশি ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমি গর্বিত যে এ ক্ষেত্রে এমনটা হয়নি।’ পাকিস্তান দলকে কৃতিত্ব দিলেও পিসিবি প্রধানের ব্যাপারে মানসিকতা পাল্টায়নি ইংল্যান্ড অধিনায়কের, ‘পিসিবি প্রধান যা বলেছেন, সেটার জবাব আমাদের দিতেই হবে। এ জন্য সম্ভব সবকিছুই আমরা করব, আমাদের ভাবমূর্তি এত সহজে কলঙ্কিত হতে পারে না।’গর্বিত ওয়াকার ইউনুসও। তাঁর গর্ব শিষ্যদের মাঠের পারফরম্যান্সে, ‘ছেলেরা অসাধারণ খেলেছে। আমাদের তরুণ দলের জন্য সফরটা এমনিতেই ছিল কঠিন, আরও কঠিন করে তুলেছে সার্বিক পরিস্থিতি। কিন্তু ছেলেরা যেভাবে মাথা ঠান্ডা রেখেছে, তাতে আমি গর্বিত। আপনি মানসিকভাবে যত শক্তই হোন না কেন, এত কিছু মনে প্রভাব ফেলবেই। কিন্তু ছেলেরা সবকিছুকে হারিয়ে জিতেছে। আমি ওদের বলেছিলাম সবকিছুর জবাব দেওয়া যাবে কেবল মাঠেই, ওরা সেটাই করেছে।’ সিরিজ নির্ধারণী ম্যাচটি আজই, নটিংহামের রোজ বোল স্টেডিয়ামে । এএফপি, ওয়েবসাইট।