পরাজয়েও তৃপ্তি থাকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটুলের গোলের পর বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস। ম্যাচ শেষে অবশ্য এই উল্লাস থাকেনি। কাল বিকেএসপিতে ভারতের বিপক্ষে হকি সিরিজের প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও জিততে পারেনি বাংলাদেশ, হেরে গেছে ২–১ গোলে l শামসুল হক
সিটুলের গোলের পর বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস। ম্যাচ শেষে অবশ্য এই উল্লাস থাকেনি। কাল বিকেএসপিতে ভারতের বিপক্ষে হকি সিরিজের প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও জিততে পারেনি বাংলাদেশ, হেরে গেছে ২–১ গোলে l শামসুল হক

পুষ্কর খীসা মিমো ম্যাচের পর খাবার ঘরের দিকে যাচ্ছিলেন। ক্লান্ত শরীর নিয়ে গেটের মুখে দাঁড়িয়ে বললেন, ‘মাঠটা একটু পিচ্ছিল ছিল তো। নইলে আমাদের অনেকগুলো আক্রমণ ভালোভাবে শেষ হতে পারত।’

সেটা হয়নি বলে বাংলাদেশ হকি দলের এই স্ট্রাইকারের মুখে খানিক অতৃপ্তি। তবে ভারতের কাছে বাংলাদেশ ম্যাচটা হেরেছে বলে কোনো হতাশার চিহ্ন নেই। ব্যবধান ২-১, সম্মানজনক তো বটেই।

ভারত ধারে-ভারে বেশ এগিয়ে। এটা যদিও ভারতের দ্বিতীয় সারির জাতীয় দল। সেই দলও কাগজে-কলমে বাংলাদেশের সামনে ‘বাঘ’। অধিনায়ক বিক্রমকান্ত খেলেছেন ৭০টি আন্তর্জাতিক ম্যাচ। দলের দুজন বাদে বাকি সবার আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। সেই দলের সঙ্গেই কি না টক্কর দিল বাংলাদেশ! চয়নরা বাহবা পাবেনই।

বিকেএসপির যে টার্ফে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজের প্রথমটি হলো, সেটা নতুন বসানো। দুই দলের খেলোয়াড়েরাই ম্যাচের পর বললেন, মাঠ বেশ পিচ্ছিল হওয়ায় ভারসাম্য রাখা যায়নি। তার পরও ধারে-ভারে বড় দল ভারতই বল পজেশনে আনুমানিক ৬০-৪০-এ এগিয়ে ছিল। কিন্তু বাংলাদেশের দেয়াল হয়ে দাঁড়ানো গোলরক্ষক অসীম গোপকে পরাস্ত করা কঠিনই হয়ে পড়ল সফরকারীদের জন্য। গোল পেতে ভারতকে তাই অপেক্ষা করতে হলো দ্বিতীয়ার্ধ পর্যন্ত। এর আগেই অবশ্য ৩০ মিনিটে ভারতের পোস্টে বল পাঠিয়ে ১-০ করে ফেলে বাংলাদেশ। সেটিও নিজেদের প্রথম পেনাল্টি কর্নার থেকে। বাংলাদেশ পেনাল্টি কর্নার পেল মোট তিনটি, ভারত ছয়টি। বাংলাদেশের পেনাল্টি কর্নারে মিমোর পুশ, সরোয়ার স্টপ, চয়নের হিট ফিরে আসার পর দু-তিনটি স্টিক ঘুরে সিটুলের পুশে গোল।

ভারত ম্যাচটা জিতে নিয়েছে দুই মিনিটে ২ গোল করে। ৩২ মিনিটে প্রথমটা পেনাল্টি কর্নারে সরাসরি স্কুপে করলেন ম্যাচসেরা গুরজিন্দার সিং। পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে ঘোরাঘুরি করতে থাকা বল হারজিং সিংয়ের দারুণ হিটে ২-১।

এটিই হকির নতুন নিয়মে বাংলাদেশের প্রথম খেলা আন্তর্জাতিক ম্যাচ। ১০ মিনিট কমিয়ে এখন হকি ম্যাচ ৬০ মিনিটের। ১৫ মিনিট পর দুই মিনিটের বিরতি। ৩০ মিনিট পর মূল বিরতি এবং দ্বিতীয়ার্ধে ১৫ মিনিট পর অবার বিরতি। বিরতিময় এই নতুন হকি ম্যাচ বিষাদময় হয়ে থাকল বাংলাদেশের কোচ নাভিদ আলমের চোখে এ মুহূর্তে বাংলাদেশের সেরা মিডফিল্ডার সাব্বির রানার জন্য। বল দখলের লড়াইয়ে গিয়ে কলার বোনে গুরুতর চোট পেয়ে ম্যাচ শুরুর খানিক পরই মাঠ ছেড়েছেন। সম্ভবত তাঁর জন্য শেষ এশিয়ান গেমস।

বাংলাদেশ কোচ এদিন দুপুর একটায় পাকিস্তান থেকে এসে পৌঁছান বিকেএসপি। ম্যাচের ফলে তিনি খুশি, ‘ছেলেরা কখনো ম্যাচটা ছেড়ে দেয়নি। ভালো খেলেছে। স্কোরলাইন বেশ সন্তোষজনক।’ ম্যাচ শেষে বিকেএসপির আন্তর্জাতিক হোস্টেলে নাভিদকে বেশ ফুরফুরে লাগল। পাকিস্তানে ছুটি কাটাতে গিয়ে নাকি কিছু হকি সরঞ্জাম আনার ব্যবস্থা করে এসেছেন বাংলাদেশের জন্য। তাঁর কথা শুনতে শুনতে চোখ যাচ্ছিল হোস্টেলের লবিতে। ফুটবলাররা ঢুকছেন, হকি খেলোয়াড়েরাও আসছেন। ভারতীয় দলও একই হোস্টেলে। ফুটবল আর হকি খেলোয়াড়দের যেন এক মিলনমেলা!

ভারতীয় কোচ তুষার খান্ডেকার এমন পরিবেশ উপভোগই করছেন, ‘এখানে পরিবেশ দেখে বেশ ভালো লাগছে।’ তবে ট্যাকটিক্যাল অনেক পরিকল্পনাই মাঠে বাস্তবায়ন করতে না পারায় হতাশাও তাঁর কম নয়, ‘আমার দলের খেলায় খুশি হতে পারলাম না। অনেক কিছুই আমরা করতে পারিনি।’

প্রীতি ম্যাচের আড়ালে সিরিজটি দুই দেশের হকির পার্থক্য বোঝার উপলক্ষও। স্কোরলাইনে অসম্মানের অঙ্ক না বসায় বিকেএসপির দর্শক ছাত্রছাত্রীরা বেশ খুশি। চারপাশে গাছগাছালির মনোরম সবুজ পরিবেশ। দুর্দান্ত আবহ। এখান থেকেই কি শুরু হতে পারে বাংলাদেশের হকির নতুন যাত্রা? আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ এখানেই, পরশু তৃতীয় ও শেষটি।