জেমি অ্যাটকিনসনের মতো সুখী মানুষ বোধহয় কাল রাতে আর কেউ ছিল না। বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ার ডাক দিয়েছিলেন হংকং অধিনায়ক। কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সত্যিই সেই ডাকে সাড়া দিল পুরো দল। টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে পড়া দলটি দেশে ফিরবে ইতিহাস গড়ার আনন্দ নিয়ে।
আর বাংলাদেশ! সুপার টেনে ওঠার আনন্দটাও তাদের কাছে বিস্বাদ হংকংয়ের কাছে কলঙ্কিত পরাজয়ে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকুর রহিম হতাশা লুকিয়ে পরাজয়েও প্রাপ্তি খুঁজতে গিয়ে সফল হতে পারলেন কই! অস্বীকার করতে পারলেন না, ‘সুপার টেন বা সুপার এইট, যেখানেই যাই না কেন, অবশ্যই খারাপ একটা অনুভূতি হচ্ছে। ভালোলাগার চেয়ে খারাপ লাগাটাই বেশি। এত খারাপ ব্যাটিং কখনোই আশা করা যায় না।’
প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং মুশফিকের হতাশার একটা বড় কারণ। তবে হতাশার চেয়ে বাংলাদেশ অধিনায়ক বিস্মিতই বেশি, ‘অনেক সময় এমন কিছু ভুল হয়ে যায়, যেগুলো করা উচিত নয়। প্রতিষ্ঠিত খেলোয়াড়দের কাছে তো সেটা আশা করিই না। কিন্তু আজকের (গতকাল) দিনটা বুঝতে পারলাম না। আমি আউট হওয়ার পর সবাইকে বার্তা দেওয়া হয়েছিল ভালো জুটি গড়তে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো না।’
কুড়ি-কুড়ি ম্যাচে ছোট দলের কাছে হারলে বড় দলগুলো একটা কথা বলে। কাল মুশফিকও বললেন, ‘টি-টোয়েন্টিতে যেকোনো দল যেকোনো দলকে হারাতে পারে। আজ (গতকাল) যেমন হংকং জিতল। আগের দুই ম্যাচের মতো খেললে আমরাও দ্বিতীয় পর্বে যেকোনো বড় দলকে হারাতে পারব। তা ছাড়া ঢাকার কন্ডিশন অন্যরকম থাকবে।’
লজ্জার এই হার থেকেও কিছু প্রাপ্তি খুঁজেছেন বাংলাদেশ অধিনায়ক, ‘এই হার আমাদের জন্য সতর্কসংকেত তো অবশ্যই। তবে এর ভালো দিকও থাকতে পারে। দ্বিতীয় পর্বে চারটি দলই অনেক শক্তিশালী। এর আগে আমাদের সবাই ব্যাটিংয়ের সুযোগ পায়নি। ওপরের দিকের তিন-চারজন খেলা শেষ করে ফেলেছে। আজ (গতকাল) সবারই একটু প্র্যাকটিস হলো। আমি তাই মনে করি খুব একটা খারাপও হয়নি। সবাই বুঝতে পারবে আরও কঠোর পরিশ্রম করতে হবে।’ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ওপর বয়ে যাওয়া ঝড়টাই স্বয়ংক্রিয়ভাবে কঠোর পরিশ্রমের তাগিদ দেয়। নতুন করে সেই তাগিদের জন্য হংকংয়ের মতো দলের কাছে হারাটা বিস্ময়কর!
শুরুতেই দুটি উইকেট পড়ে যাওয়ার পর অন্তত ১৪০ রান করার লক্ষ্য ছিল বাংলাদেশ দলের, এমনটাই জানিয়েছেন মুশফিক। মুশফিক-সাকিব আউট হয়ে যাওয়ার পরও ব্যাটসম্যানদের শট খেলতে থাকার সেটাই নাকি কারণ। হারের সঙ্গে আরেকটা দুঃসংবাদ, ফিল্ডিং করতে গিয়ে রুবেলের আঙুলে পাওয়া চোটের অবস্থা ভালো নয়। বল ধরতে পারছিলেন না তিনি! কাল রাতেই দলের সঙ্গে ঢাকায় ফিরে আজ এক্স-রে করানোর কথা তাঁর।
বাংলাদেশের দুঃস্বপ্নের রাতটা হংকংয়ের জন্য হলো উদ্যাপনের রাত। দলটির অধিনায়ক অ্যাটকিনসন বললেনও, ‘বাংলাদেশকে তাদের মাটিতে এত দর্শকের সামনে হারানোর অভিজ্ঞতা অসাধারণ। এটা স্বপ্নপূরণের মতোই ব্যাপার। আমি নিশ্চিত, হংকংয়ে সবাই আমাদের এই সাফল্য উদ্যাপন করছে।’