পরাজয়েও প্রাপ্তি আছে ইতালির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশা ছিল ইউরো ট্রফিটা নিয়েই দেশে ফিরবে আজ্জুরিরা। কিন্তু কী মর্মান্তিকভাবেই না সেই আশার মৃত্যু হলো! সব সম্ভাবনার মৃত্যু ঘটিয়ে ইতালি ডুবল শোচনীয় পরাজয়ের লজ্জায়। দেশে ফেরার পর রাজকীয় অভ্যর্থনা জুটবে না, একরকম নিশ্চিতই ছিল। হয়েছেও তাই, দলকে বরণ করে নিতে হাতেগোনা কিছু সমর্থক ছিল রোমের ফিউমিসানো বিমানবন্দরে। তবে সংখ্যায় কম হলেও সমর্থকদের মধ্যে আবেগ ছিল, তুমুল হর্ষধ্বনিতে তারা স্বাগত জানায় দলকে। পরে ইতালি দলের সঙ্গে প্রেসিডেন্ট জিওর্জিও নাপোলিতানো উষ্ণ সংবর্ধনাই দিয়েছেন। এই হলো ভালো খেলার পুরস্কার। কিন্তু ভালো খেলেও শেষ লড়াইটা জিততে না পারাটা এক দগদগে ক্ষত হয়েই রয়েছে নীল দলটির কাছে। লিওনার্দো বোনুচ্চি তাই বলছেন, এই হতাশা কাটিয়ে উঠতে সময় লাগবে, ‘দুঃখ তো আছেই, কারণ আমরা স্বপ্নপূরণ থেকে মাত্র এক ধাপ দূরে ছিলাম। আমাদের দুর্ভাগ্য, একটা দুর্দান্ত দলের সঙ্গে আমরা এঁটে উঠতে পারিনি। এখন ইউরো শেষের পর প্রানদেল্লির কৌশলগুলোই আমরা চর্চা করে যাব।’ ফাইনালের পরাজয়ে দমে না গিয়ে ২০১৪ বিশ্বকাপকে ইতালি পাখির চোখ করছে, সেটাও জানিয়ে দিলেন তিনি, ‘আমরা বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতিই নিতে যাচ্ছি।’ সামনেই বিশ্বকাপ বাছাইপর্বের খেলা, প্রানদেল্লির দলের সব মনযোগ এখন সেখানেই নিবদ্ধ।ইতালি কোচ সিজার প্রানদেল্লি অবশ্য দলকে উৎসাহ দেওয়ার জন্য প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতাই জানাচ্ছেন। গদানস্কে স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট, দল অন্তঃপ্রাণ সমর্থকদের একজন তিনি। ফাইনালের শোচনীয় হারের পর সেটা কাটিয়ে উঠতেও প্রেসিডেন্টের অনেক অবদান আছে বলে মনে করছেন প্রানদেল্লি। সৌজন্য সাক্ষাতে ইতালি দল নিজেদের রুপার পদকগুলো তাঁর হাতে তুলে দেওয়ার পর অধিনায়ক জিয়ানলুইজি বুফন দলের অন্য সদস্যদের তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দেন। টুর্নামেন্টে ইতালির দুই উজ্জ্বল নক্ষত্র আন্দ্রেয়া পিরলো ও মারিও বালোতেল্লি প্রেসিডেন্টকে উপহার দেন ফুটবল। নাপোলিতানোও ইতালি দলকে দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। বলছেন, তাঁদের অর্জন ‘অসামান্য’। খেলোয়াড়দের আত্মনিবেদনে কোনো খামতি ছিল না বলে ভাসিয়েছেন প্রশংসায়, ‘ইতালির প্রতি ভালোবাসা কীভাবে তোমাদের অনুপ্রাণিত করেছিল, সেটা আমি দেখেছি। এটাই আমাদের দেওয়া তোমাদের সেরা উপহার।’ এই দলের অগ্রযাত্রা এখানেই থেমে যাবে না বলেও বিশ্বাস ৮৭ বছর বয়সী প্রেসিডেন্টের, ‘পুনর্গঠিত এই দল এতটাই ধীমান যে তারা অনেক দূর যাবে।’ আর দুই বছর পরেই বিশ্বকাপ, ইতালি কি পারবে এই দুঃস্বপ্ন মুছে ব্রাজিলে নীল পতাকা ওড়াতে? এএফপি।